ইত্তেফাক প্রকাশককে কটূক্তি: ভান্ডারিয়া উপজেলা চেয়ারম্যানের বিরুদ্ধে মামলার সিদ্ধান্ত ইসির

আচরণবিধি লঙ্ঘনের ঘটনায় ভান্ডারিয়া উপজেলা চেয়ারম্যান মিরাজুল ইসলাম মিরাজের বিরুদ্ধে মামলা করার সিদ্ধান্ত গ্রহণ করেছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী ২৪ ঘন্টার মধ্যে ভান্ডারিয়া থানায় মামলা দায়ের করে নির্বাচন কমিশনকে অবহিত করার জন্য পিরোজপুর জেলা পুলিশ সুপারকে নির্দেশ দিয়েছে সাংবিধানিক প্রতিষ্ঠানটি।

বৃহস্পতিবার ইসির উপ-সচিব (আইন) আব্দুছ সালাম স্বাক্ষরিত চিঠিতে এই নির্দেশনা দেয়া হয়েছে।

ভান্ডারিয়া উপজেলা নির্বাচন অফিসারকে পাঠানো ইসির চিঠিতে বলা হয়েছে, ১২৮ পিরোজপুর-২ নির্বাচনী এলাকার মিরাজুল ইসলাম মিরাজ গত ২৪ ডিসেম্বর স্বতন্ত্র প্রার্থী মো. মহিউদ্দীন মহারাজ এর উপস্থিতিতে নির্বাচনী এলাকায় অত্যন্ত আপত্তিকর, কুরুচিপূর্ণ, অশালীন, মানহানিকর ও উস্কানিমূলক বক্তব্য প্রদান করেন। ফলে বর্ণিত ব্যক্তি গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২ এর অনুচ্ছেদ ৭৩ এর দফা ৩(ক) ও সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা ২০০৮ এর ১১ (ক) বিধির বিধান লঙ্ঘন করেছেন মর্মে সংশ্লিষ্ট নির্বাচনি অনুসন্ধান কমিটি নির্বাচন কমিশনে প্রতিবেদন দাখিল করেছেন। এমতাবস্থায়, অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে আমলযোগ্য অপরাধ বিবেচনায় গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২ এর অনুচ্ছেদ ৭৩ ও বর্ণিত আচরণ বিধিমালা ২০০৮ এর ১১ (ক) বিধির অধীনে সংশ্লিষ্ট থানায় এজাহার দায়ের করার জন্য সংশ্লিষ্ট উপজেলা নির্বাচন অফিসারকে নির্দেশনা দেওয়ার বিষয়ে নির্বাচন কমিশন সদয় সিদ্ধান্ত গ্রহণ করেছেন। এমতাবস্থায়, উপর্যুক্ত বিষয়ে অনতিবিলম্বে অভিযোগকারী হিসেবে আপনাকে সংশ্লিষ্ট থানায় এজাহার দায়ের করার জন্য অনুরোধ করা হলো। একইসঙ্গে পিরোজপুরের পুলিশ সুপারকে সংশ্লিষ্ট থানায় বর্ণিত এজাহার গ্রহণের বিষয়টি নিশ্চিত করে এজাহারের অনুলিপিসহ তা নির্বাচন কমিশনকে আগামী ২৪ ঘন্টার মধ্যে অবহিত করার জন্য অনুরোধ করা হয়।

কটূক্তির পর প্রধান নির্বাচন কমিশনারের কাছে লিখিত দরখাস্ত করেছিলেন পিরোজপুর-২ আসনের নৌকার প্রার্থী আনোয়ার হোসেন মঞ্জুর মেয়ে ও দৈনিক ইত্তেফাকের প্রকাশক তারিন হোসেন। এরপর ব্যাখ্যা তলব করে পিরোজপুর জেলা নির্বাচনী অনুসন্ধ্যান কমিটি। গত ১লা জানুয়ারি স্বশরীর উপস্থিত হয়ে লিখিত ব্যাখ্যা প্রদানের জন্য আদেশ দেন পিরোজপুর যুগ্ম-জেলা জজ ও দায়রা জজ এবং নির্বাচনী অনুসন্ধ্যান কমিটির চেয়ারম্যান কে, এম, মহিউদ্দীন। পরবর্তীতে ব্যাখ্যার ঘটনায় আচরণবিধি লঙ্ঘনের সত্যতা পায় কমিটি। আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কমিশনের কাছে সুপারিশ পাঠায় নির্বাচনী অনুসন্ধ্যান কমিটি। তারই ভিত্তিতে মামলার সিদ্বান্ত গ্রহণ করে ইসি।

EC Chithi

উল্লেখ্য, এর আগে ভান্ডারিয়া পৌরসভা নির্বাচনে মিরাজুল ইসলাম মিরাজ রিটার্নিং অফিসারের কার্যালয়ে ঢাকা থেকে আগত সাংবাদিকদের উপস্থিতিতে স্থানীয় এক সাংবাদিককে উপজেলা চত্বরে টাঙিয়ে পেটানোর হুমকি দিয়েছিলেন। ওই ঘটনায় নির্বাচন কমিশন তদন্ত করে সত্যতা পেয়েছিলো। ভান্ডারিয়া উপজেলা চেয়ারম্যানের বিরুদ্ধে তদন্ত করে ব্যবস্থা গ্রহণের জন্য স্থানীয় সরকার বিভাগকে চিঠিও দিয়েছিলো। কিন্তু অদৃশ্য কারণে আজ পর্যন্ত বিতর্কিত মিরাজের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়নি। ব্যবস্থা না নেওয়ার কারণে আরও বেপরোয়া হয়ে উঠে মিরাজ। তারই ধারাবাহিকতায় এবার ইত্তেফাকের প্রকাশককে নির্বাচনী প্রচারণায় আপত্তিকর, কুরুচিপূর্ণ এবং চরিত্রহনন করে বক্তব্য দেন।