চট্টগ্রাম-১

নৌকার প্রার্থীর বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ

নির্বাচনী আচরণবিধির তোয়াক্কা না করে নির্বাচনী প্রচারণা চালানোর অভিযোগ করা হয়েছে নৌকা প্রতীকের প্রার্থী মাহবুব উর রহমান রুহেলের বিরুদ্ধে। তিনি চট্টগ্রাম-১ আসন থেকে নৌকা প্রতীকে নির্বাচনে অংশ নিচ্ছেন।

স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ গিয়াস উদ্দিন রিটানিং অফিসার ও জেলা প্রশাসক বরাবরে পাঠানো অভিযোগে উল্লেখ করেনে, নৌকার প্রার্থী শুরু থেকেই নানা ভয়ভীতি দেখিয়ে আসছেন। ইতিমধ্যে বাংলাদেশ নির্বাচন কমিশনের জাতীয় সংসদ নির্বাচন আচরণ বিধিমালার ১০ এ গেইট বা তোরণ নির্মাণ, প্যান্ডেল বা ক্যাম্প স্থাপন ও আলোকসজ্জাকরণ সংক্রান্ত বাধা-নিষেধের (ঙ) চরমভাবে অমান্য করা হচ্ছে।'

অভিযোগে আরো বলা হয়, নির্বাচনী আচরণবিধির ‌১০ ধারায় উল্লেখিত (ঙ) ‌'নির্বাচনী প্রচারণার জন্য প্রার্থীর ছবি বা প্রার্থীর পক্ষে প্রচারণামূলক কোন বক্তব্য বা কোন শার্ট, জ্যাকেট, ফতুয়া ইত্যাদি ব্যবহার করিতে পারিবেন না।'

গিয়াস উদ্দিন অভিযোগ করেন, ইতিমধ্যে বৃহস্পতিবার সন্ধ্যায় মুহুরী প্রজেক্ট বাজারে এসব টি-শার্ট পরে নৌকার প্রার্থীর নেতৃত্বে মিছিল দিতে দেখা গেছে। এছাড়া মায়ানী ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি নুরের ছাপা নয়নের সৌজন্যে টি-শার্টগুলো নৌকা প্রতীকের প্রার্থী মাহবুব উর রহমানসহ উন্মোচন করেছেন। ইতিমধ্যে ৬ নম্বর ইছাখালী ইউনিয়নের প্রবাসী আশরাফ আলী খান লিটনের সৌজন্যে, মায়ানী ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি নুরের ছাপা নয়নের সৌজন্যে ও মুহুরী প্রজেক্ট এলাকার একাধিক ব্যবসায়ীর সৌজন্যে এসব টি-শার্ট ছাপানো হয়েছে।

তার মতে, এসব টি-শার্ট পরার কারণে ভোটারদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।  ভোটাররা ভোটকেন্দ্রে আসার পথে বাধার মুখে পড়বেন বলেও আশঙ্কা করেন গিয়াস উদ্দিন।