নির্বাচনের আগ মুহূর্তে পেট্রল ঢেলে ভোটকেন্দ্রে আগুন

নির্বাচনের ঠিক দুই দিন আগে ফেনীর সোনাগাজী উপজেলার চরদরবেশ ইউনিয়নের একটি ভোটকেন্দ্রের জানালা দিয়ে পেট্রল ঢেলে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। শুক্রবার (৫ জানুয়ারি) সকাল ৭টার দিকে ইউনিয়নের চরসাহাভিকারী উচ্চ বিদ্যালয়ের প্রশাসনিক ভবনে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, স্কুলের প্রশাসনিক ভবনের শিক্ষক মিলনায়তনে পেছনের জানালা দিয়ে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেওয়া হয়। এতে কম্পিউটার, চেয়ার, টেবিল ও আলমারিতে থাকা কাগজপত্র পুড়ে যায়। পরবর্তী ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে। 

সোনাগাজী ফায়ার সার্ভিস অফিসের স্টেশন অফিসার জামিল আহমেদ বলেন, আগুন লাগার আলামত দেখে ধারণা করা হচ্ছে, কোনো দুষ্কৃতিকারী এ ঘটনা ঘটিয়েছে। 

সোনাগাজী মডেল থানার ওসি সুদ্বীপ রায় জানান, রাজনৈতিক নাশকতা কিংবা স্কুল ম্যানেজিং কমিটির বিরোধে এ ঘটনা ঘটেছে কিনা তা তদন্ত করা হচ্ছে।