দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুরের পাঁচ আসনে প্রতিদ্বন্দ্বিতাকারী প্রার্থীদের জয়-পরাজয় নিয়ে চলছে নানা হিসাব। পাঁচটি আসনেই প্রতিদ্বন্দ্বিতা হবে আওয়ামী লীগ দলীয় নৌকা প্রতীকের প্রার্থীর সঙ্গে একই দলীয় স্বতন্ত্র প্রার্থীদের। নৌকা বা স্বতন্ত্র উভয় প্রতীকের প্রার্থীরা নিজেদের জয়ের ব্যাপারে আশাবাদী থাকলেও হিসাবে তা মিলছে না। অন্তত একাধিক আসনে নৌকা প্রতীকের প্রার্থীদের বিপর্যয় ঘটতে পারে এমন পূর্বাভাস দিচ্ছেন অনেক বিশ্লেষক।
আওয়ামী লীগের নৌকা প্রতীকের বিপরীতে স্বতন্ত্র প্রতীকের প্রার্থীরা একই ঘরানার হওয়ায় দলের নেতাকর্মীদের দ্বিধাবিভক্তি ও বিভাজনের কারণে ভোট ভাগাভাগি ব্যাপারটি প্রার্থীদের জয়-পরাজয়ে নিয়ামকের ভূমিকা পালন করবে এটা নিশ্চিত। অপরদিকে গাজীপুর-৪ আসন ছাড়া অপর চারটি আসনে গার্মেন্টস ফ্যাক্টরিসহ অন্যান্য কল-কারখানার শ্রমিক-কর্মচারীরা যেহেতু দেশের বিভিন্ন অঞ্চলের বাসিন্দা তারাও নিয়ামক হতে পারেন এ নির্বাচনে। অপর একটি বিষয় হচ্ছে বিএনপি নির্বাচন বর্জন করলেও দলের মাঠ পর্যায়ে সমর্থকরা ভোটে অংশ নিলে তাদের ভোট নৌকার বিপক্ষে যাবে এটাই স্বাভাবিক।
গাজীপুর-১: এ আসনের নৌকা প্রতীকের প্রার্থী বর্তমান সংসদ সদস্য জেলা আওয়ামী লীগের সভাপতি ও মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। তার মূল প্রতিদ্বন্দ্বী কালিয়াকৈর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক উপজেলা চেয়ারম্যান ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মো. রেজাউল করিম রাসেল। এ আসনে তুমুল লড়াই হবে প্রবীণ ও নবীনের মধ্যে।
গাজীপুর-২: এ আসনে বর্তমান সংসদ সদস্য যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল একটি উপনির্বাচন ও গত তিনটি নির্বাচনে বিজয়ী হয়ে নৌকা প্রতীকে প্রতিদ্বন্দ্বিতায় নেমেছেন। তার বিপরীতে ট্রাক প্রতীকের দলীয় স্বতন্ত্র প্রার্থী গাজীপুর মহানগর আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী আলিমউদ্দিন বুদ্দিন শক্তিশালী ভূমিকায় অবতীর্ণ হয়েছেন। জাহিদ আহসান রাসেল তার সমর্থক নেতাকর্মীদের নিয়ে ব্যাপকভাবে নির্বাচনি প্রচারণা চালিয়ে যাচ্ছেন। এভাবে তিনি নিজের অবস্থান ক্রমশ সংহত করে তুললেও তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী কাজী আলিমউদ্দিন বুদ্দিনের পক্ষে সাবেক মেয়র জাহাঙ্গীর আলম সক্রিয়ভাবে নির্বাচনি প্রচারণায় অংশ নেওয়ায় তা বুদ্দিনের নির্বাচনি পালে জোর হাওয়া লেগেছে এমন অভিমত এলাকাবাসীর অনেকের।
গাজীপুর-৩: এ আসনের নৌকা প্রতীক পেয়েছেন বর্তমান সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য রুমানা আলী টুসি। তিনি একই আসনের পাঁচ বারের নির্বাচিত সংসদ সদস্য সাবেক প্রতিমন্ত্রী প্রয়াত মো. রহমত আলীর মেয়ে। আর এ আসনে বর্তমান সংসদ সদস্য গাজীপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুহাম্মদ ইকবাল হোসেন সবুজ দলের মনোনয়ন না পেয়ে ট্রাক প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিচ্ছেন। নৌকা প্রতীক পেয়ে টুসির অবস্থান অনেক সংহত হলেও ট্রাক প্রতীকের প্রার্থীও তার অবস্থানকে ক্রমান্বয়ে পাকাপোক্ত করে তুলছেন।
গাজীপুর-৪: এ আসনে গত তিনটি নির্বাচনে বিজয়ী সংসদ সদস্য আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য সিমিন হোসেন রিমি দলীয় মনোনয়নে এবারও নৌকা প্রতীক পেয়েছেন। তার পিতা মুক্তিযুদ্ধকালীন প্রবাসী বাংলাদেশ সরকারের প্রথম প্রধানমন্ত্রী শহিদ তাজউদ্দীন আহমদের মেয়ে। তার বিপক্ষে প্রতিদ্বন্দ্বিতায় নেমেছেন তারই ফুপাতো ভাই কৃষক লীগের উপদেষ্টা আলম আহমদ। তিনি ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী। এ আসনে হবে আত্মীয়ে-আত্মীয়ে মূল লড়াই।
গাজীপুর-৫: এ আসনেও নৌকা প্রতীক পেয়েছেন বর্তমান সংসদ সদস্য সাবেক মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি। গত চার বারের নির্বাচনে বিজয়ী হলেও এবার তিনি কঠিন অগ্নি পরীক্ষার মুখে । তার বিপরীতে ট্রাক প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন একই আসনের সাবেক সংসদ সদস্য ঢাকসুর সাবেক ভিপি-জিএস আখতারউজ্জামান। তিনি গাজীপুর জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক।