ভোট কেনার অভিযোগে এমপির ভাগ্নেকে জরিমানা

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের নওগাঁ-৩ (মহাদেবপুর-বদলগাছী) আসনের স্বতন্ত্র প্রার্থী ছলিম উদ্দিন তরফদার সেলিম এমপির ‘ট্রাক’ প্রতীকে টাকা দিয়ে ভোট কেনার অভিযোগে আটক হয়েছেন সাঈদ হাসান তরফদার শাকিল (৩৫)। শাস্তিস্বরূপ তাকে ৩০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত।

গতকাল শুক্রবার রাতে মহাদেবপুরের অলংকারপুর গ্রামে এ ঘটনা ঘটেছে। ভ্রাম্যমান আদালতের মাধ্যমে এই জরিমানা করেন ভ্রাম্যমান আদালতে বিচারক ও সহকারী কমিশনার (ভূমি) রিফাত আরা।

‘এই যে টাকা, শাকিল চেয়ারম্যান টাকা দিয়ে ভোট কিনতে এসেছিলেন। এছাড়া নিচে পড়ে থাকা টাকা লাইট মেরে দেখাচ্ছিলেন একে অন্যকে ও বলছিলেন ট্রাক মার্কার টাকা’

শাকিল নওগাঁ-৩ (মহাদেবপুর-বদলগাছী) আসনের এমপি ও স্বতন্ত্র প্রার্থী (‘ট্রাক’) ছলিম উদ্দিন তরফদার সেলিমের ভাগ্নে ও মহাদেবপুর সদর ইউপি চেয়ারম্যান। তিনি সদর উপজেলার বাসিন্দা এরশাদ আলীর ছেলে।

শাকিলকে আটকের পর তার গাড়ি জব্দ করা হয়। ছবি: ইত্তেফাক

রাত নয়টার দিকে স্বতন্ত্র প্রার্থীর ভাগ্নে সাঈদ হাসান তরফদার শাকিল ভোটারদের মধ্যে টাকা দিয়ে অলংকারপুর গ্রামে ভোট কিনছেন এমন তথ্যের ভিত্তিতে স্থানীয়রা দ্রুত তার পিছু নেন। এ সময় ধরা পড়ে যাওয়ার ভয়ে শাকিলের কাছে থাকা ৬ হাজার টাকা জঙ্গলে ফেলে দেন। অবৈধভাবে ভোট কেনার অভিযোগে স্থানীয়রা একটি প্রাইভেটকারসহ তাকে আটক করেন।

খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় উপজেলা প্রশাসন ও পুলিশ। এরপর রাতেই ভ্রাম্যমান আদালতের মাধ্যমে শাকিলের ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। ভ্রাম্যমান আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) রিফাত আরা জাতীয় সংসদের নির্বাচনী আচরণ বিধিমালা, ২০০৮-এর ধারা অনুযায়ী এই জরিমানা করেন। এ সময় থানার ওসি রুহুল আমিনসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

রাস্তার ওপর পড়ে থাকা ৬ হাজার টাকা। ছবি: ইত্তেফাক

এদিকে চেয়ারম্যান শাকিলকে আটকের পর একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়ে পড়েছে। একে কেন্দ্র করে এলাকায় চলছে আলোচনা-সমালোচনা। ভাইরাল হওয়া ভিডিওতে কয়েকজনকে বলতে শোনা যাচ্ছে- ‘এই যে টাকা, শাকিল চেয়ারম্যান টাকা দিয়ে ভোট কিনতে এসেছিলেন। এছাড়া নিচে পড়ে থাকা টাকা লাইট মেরে দেখাচ্ছিলেন একে অন্যকে ও বলছিলেন ট্রাক মার্কার টাকা।’

৩০ হাজার টাকা জরিমানা করা হয় শাকিলকে। ছবি: ইত্তেফাক

নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন আওয়ামী লীগের নেতা ও স্থানীয়রা জানান, স্বতন্ত্র প্রার্থী এমপি ছলিম তরফদারের ‘ট্রাক’ প্রতীককে জেতানোর জন্য বিভিন্ন কৌশল অবলম্বন করা হচ্ছে। অভিযোগ আছে ভোটারদের কাছে টাকা বিতরণ করছেন। নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে টাকা দিয়ে ভোট চেয়ে বেড়াচ্ছেন। নির্বাচনে জয়ের জন্য বেপরোয়া হয়ে উঠেছেন স্বতন্ত্র প্রার্থীর সমর্থকরা। এরই ধারাবাহিকতায় শুক্রবার রাতে উপজেলা সদরের খোলাশপুকুর এলাকায় স্বতন্ত্র প্রার্থীর সমর্থকরা ও একই সময় কিছুদূরে অলংকারপুরে ভাগ্নে শাকিল চেয়ারম্যানসহ আরও কয়েকজনকে আটক করে রাখা হয়।

এ ঘটনায় নওগাঁ-৩ (মহাদেবপুর-বদলগাছী) স্বতন্ত্র প্রার্থী ছলিম উদ্দিন তরফদার সেলিম এমপির (ট্রাক) সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হয়। কিন্তু তাকে পাওয়া যায়নি।

ভ্রাম্যমান আদালতের বিচারক ও সহকারী কমিশনার (ভূমি) রিফাত আরা বলেন, ‘সদর ইউনিয়নের চেয়ারম্যান সাঈদ হাসান তরফদার (শাকিল) টাকা বণ্টন করছেন স্থানীয়দের মধ্যে। এমন অভিযোগে স্থানীয়রা তাকে আটক করে রাখেন। আমরা খবর পেয়ে ঘটনাস্থলে যাই। সেখানে এমন কাউকে পাইনি যাকে তিনি টাকা দেননি। কিংবা তার কাছেও কোনো টাকা পাওয়া যায়নি। তবে রাস্তার ওপর ৬ হাজার টাকা পড়ে ছিল। যা দিয়ে প্রমাণ করা যায় না। যেহেতু একটি নির্দিষ্ট সময় পর নির্বাচনী প্রচারণা করা যাবে না, সেই কারণে আচরণবিধি লঙ্ঘনের জন্য তাকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।’