নির্বাচনী আচরণবিধি ভঙ্গের অভিযোগে চট্টগ্রাম–১২ (পটিয়া) আসনের নৌকার প্রার্থী মোতাহেরুল ইসলাম চৌধুরীর বিরুদ্ধে আদালতে মামলার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন।
বৃহস্পতিবার (৪ জানুয়ারি) নির্বাচন কমিশন সচিবালয়ের সহকারী সচিব (আইন–১) মো. আল আমিন স্বাক্ষরিত এক চিঠিতে উপজেলা নির্বাচন অফিসারকে এ নির্দেশ দেন।
চিঠিতে বলা হয়, চট্টগ্রাম–১২ (পটিয়া) আসনের নৌকার প্রার্থী মোতাহেরুল ইসলাম চৌধুরী গত ২৬ ডিসেম্বর প্রকাশ্যে ভোটারদের মধ্যে টাকা বিতরণ করেন। ফলে উক্ত প্রার্থী সংসদ নির্বাচনে আচরণবিধি লঙ্ঘন করেছেন মর্মে নির্বাচনী অনুসন্ধান কমিটি নির্বাচন কমিশনে প্রতিবেদন দাখিল করেছেন।
এমতাবস্থায় অভিযুক্ত প্রার্থীর বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের দায়ে অপরাধ বিবেচনায় জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করার জন্য উপজেলা নির্বাচন অফিসারকে নির্দেশ দেওয়া হচ্ছে।
টাকা বিতরণের অভিযোগ অস্বীকার করে মোতাহেরুল ইসলাম চৌধুরী বলেন, প্রচারণা চালানোর সময় এক বৃদ্ধ লোক সাহায্য চাইলে তিনি তাকে সাহায্য করেন। ভিক্ষা দেওয়া কোনো অপরাধ নয়।