পটুয়াখালীর কলাপাড়ায় পোস্টার ছেঁড়ার অজুহাত দেখিয়ে ইউপি সদস্যর ওপর হামলার অভিযোগ পাওয়া গেছে। এ সময় ওই ইউপি সদস্যকে মারধর করা হয় বলে জানান স্থানীয়রা।
শনিবার (৬ জানুয়ারি) সকালে উপজেলার ডালবুগঞ্জ ইউপির পেয়ারপুর এলাকায় এই হামলা হয়।
আহত ৩নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আলাউদ্দিন গাজী বলেন, সকাল ৭টার দিকে পেয়ারপুর এলাকায় মহরা নিয়ে প্রবেশ করেন স্বতন্ত্র প্রার্থী ঈগল মার্কার সমর্থক শিবলু গাজী, রহমান গাজী সহ প্রায় ত্রিশ জনের একটি দল। এসময় তারা পোস্টার ছেঁড়ার একটি মিথ্যা অভিযোগ তুলে আমাকে প্রথমে গালমন্দ শুরু করে। পরে আমাকে টেনে-হিঁচড়ে নিয়ে এলোপাথাড়ি কিল-ঘুষি মারতে থাকে। এতে আমার পোশাক ছিঁড়ে যায় এবং আমি নৌকার পক্ষে কাজ করছি বলে হাত পা কেটে ফেলার হুমকি দিয়ে যায়।
স্থানীয় আনসার দফাদার, আমির হোসেন, সেকান্দার গাজী, আবদুল হাই গাজীসহ একাধিক ব্যক্তিরা জানান, আলাউদ্দিন এই ওয়ার্ডের মেম্বার। কিন্তু আমাদের সামনেই তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়েছে। এমনকি নৌকার প্রার্থী বিজয়ী হলেও এই মেম্বরের হাত পা কেটে দেবে বলে হুমকি দেন শিবলু গাজী জানান স্থানীয়রা। এছাড়া এই ঘটনার পরে শিবলু গাজী তার বাহিনী নিয়ে সশস্ত্র মহড়া দেয় বলেও অভিযোগ স্থানীয়দের।
এ বিষয়ে ঈগল মার্কার সমর্থক শিবলু গাজী বলেন, আমাকে মোয়াজ্জেম নাকে একজন বলেছে মেম্বার পোস্টার ছিঁড়ছে। তবে মারধর করার বিষয় অস্বীকার করেন তিনি।
উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটানিং কর্মকর্তা মো. জাহাঙ্গীর হোসেন বলেন, ওই ইউপি সদস্যকে থানায় অভিযোগ দিতে বলা হয়েছে।
মহিপুর থানার ওসি আনোয়ার হোসেন তালুকদার বলেন, এ বিষয়ে আমাদের কাছে কোন অভিযোগ আসেনি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।