স্বতন্ত্র প্রার্থীর নামে লিফলেট ছাপিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর গুজব

কুমিল্লা-৪ (দেবীদ্বার) আসনের ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী আবুল কালাম আজাদের নামে লিফলেট ছাপিয়ে তিনি নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন বলে গুজব ছড়ানোর অভিযোগ পাওয়া গেছে। 

শনিবার (৬ জানুয়ারি) বিকালে দেবীদ্বার পৌর এলাকার একটি কমিউনিটি সেন্টারে সাংবাদিক সম্মেলন করে আবুল কালাম আজাদ তার প্রতিদ্বন্দ্বী নৌকা প্রতীকের প্রার্থীর বিরুদ্ধে এমন গুজব ছড়ানোর অভিযোগ করেন। 

স্বতন্ত্র প্রার্থী আবুল কালাম আজাদ কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও দেবীদ্বার উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান। তিনি দলের মনোনয়ন না পেয়ে সংসদ সদস্য প্রার্থী হতে উপজেলা পরিষদের চেয়ারম্যানের পদ থেকে অব্যাহতি নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

সংবাদ সম্মেলনে আবুল কালাম আজাদ আরও বলেন, দলের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা না কি তাকে ডেকে নিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়িয়ে নৌকা প্রতীকের পক্ষে কাজ করার নির্দেশনা প্রদান করেন। এমন গুজবের লিফলেট ছেপে দেবীদ্বার নির্বাচনী এলাকায় ছড়িয়ে দেওয়া হয়েছে, যা দুঃখজনক। 

তিনি বলেন, তিনি নির্বাচন থেকে সরে দাঁড়ানোর প্রশ্নই আসে না। এমন গুজবের বিষয়ে দেবীদ্বার আসন এলাকার ভোটার ও জনগণকে সতর্ক থাকার আহবান জানান। তিনি তার প্রতিপক্ষ প্রার্থীর বিরুদ্ধে সন্ত্রাস, নৈরাজ্য ও কেন্দ্র দখলের আশঙ্কা প্রকাশ করেন এবং ভোটকেন্দ্র এলাকায় প্রশাসনের কঠোর নজরদারীর দাবি জানান। এ সময় তার সঙ্গে দলের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।