সিলেটের ছয়টি ভোটকেন্দ্রের সামনে অগ্নিসংযোগ, ককটেল বিস্ফোরণ

সিলেটের অন্তত ছয়টি ভোটকেন্দ্রের সামনে অগ্নিসংযোগের পাশাপাশি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে আগুনে কোনো কেন্দ্রের তেমন ক্ষতি হয়নি।  

শনিবার (৬ জানুয়ারি) রাত আটটার পর এসব ঘটনা ঘটে। স্থানীয় লোকজন ও পুলিশ জানায়, সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার সিলাম, সদর উপজেলার টুকেরবাজার, টুলটিকর এলাকা, নগরের টিবিগেট, ইলেকট্রিক সাপ্লাই এলাকাসহ অন্তত ছয়টি স্থানের ভোটকেন্দ্রের সামনে অগ্নিসংযোগের পাশাপাশি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।

দক্ষিণ সুরমা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী রিটার্নিং কর্মকর্তা ঊর্মি রায় রাতে গণমাধ্যমকে জানান, তার উপজেলার সিলামে কোনো অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেনি। 

তবে সিলেট মহানগর পুলিশের উপকমিশনার মো. আজবাহার আলী শেখ বলেন, সিলেট নগর ও সদর উপজেলার কয়েকটি স্থানে ভোটকেন্দ্রের সামনে অগ্নিসংযোগ ও বিস্ফোরণ ঘটিয়ে নাশকতা সৃষ্টির অপচেষ্টা করছে দুর্বৃত্তরা। তবে সেসব মোকাবিলায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কড়া নজরদারি আছে। 

এলাকাবাসী জানান, ভোটকেন্দ্রগুলোর সামনে হঠাৎ করে দুর্বৃত্তরা এসে টায়ার, কাঠ বা বিভিন্নভাবে আগুন ধরিয়ে দেওয়ার পাশাপাশি একাধিক ককটেলের বিস্ফোরণ ঘটায়। এতে আশপাশের এলাকায় আতঙ্ক দেখা দেয় । দুর্বৃত্তরা আগুন দেওয়ার সময় ‘ভোট চোর ভোট চোর, প্রহসনের ভোট মানি না, বলে স্লোগান দেয়।

রাতে সিলেটের রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক শেখ রাসেল হাসান জানান, সিলেট সদর উপজেলার সিরাজুল ইসলাম আলিম মাদ্রাসা ও হাজী আবদুস সাত্তার উচ্চবিদ্যালয় ভোটকেন্দ্রের সামনে টায়ার জ্বালিয়ে দুর্বৃত্তরা আগুন দেওয়ার চেষ্টা করে। তবে ভোটকেন্দ্রের কোনো ক্ষতি হয়নি। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জেলাজুড়ে কড়া নজরদারি রাখছে। শান্তিপূর্ণভাবে ভোট শেষ করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। 

তিনি বলেন, ককটেল নয়, দুর্বৃত্তরা পটকার বিস্ফোরণ ঘটিয়েছে।