সিলেট বিভাগের ১৯ আসনে ভোটার ৭৮ লাখ

বিচ্ছিন্ন কিছু ঘটনা, উৎকণ্ঠা ও বিএনপিবিহীন নির্বাচন ঘিরে সিলেট বিভাগে উৎসবের পাশাপাশি কৌতূহলও বিরাজ করছে দ্বাদশ নির্বাচন নিয়ে। আছে নানা শঙ্কা-গুঞ্জন। শুক্রবার দিবাগত রাত দুটার দিকে দক্ষিণ সুরমায় একটি ট্রাকে, একই রাতে হবিগঞ্জের চুনারুঘাটের দুটি ভোটকেন্দ্রে এবং মৌলভীবাজারের সাবিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভোটকেন্দ্রে দুর্বৃত্তরা আগুন দেয়। তবে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে ইতিমধ্যেই নির্বাচন কমিশন (ইসি) সব ধরনের প্রস্তুতি নিয়েছে।   

সিলেটে ভোটগ্রহণ নির্বিঘ্ন ও সুষ্ঠু করতে সেনাবাহিনী, বিজিবি, পুলিশ ও আনসার বাহিনী মাঠে রয়েছে। এছাড়া নির্বাহী ম্যাজিস্ট্রেটদের অধীনস্থ স্ট্রাইকিং টিমও মাঠে রয়েছে। সিলেট বিভাগের ১৯টি আসনে মোট ভোটার ৭৮ লাখ ৫৫ হাজার ৮৩৩ জন।  এর মধ্যে সিলেট জেলায় মোট ভোটার ২৭ লাখ ১৫ হাজার ৩৩১ জন। সুনামগঞ্জে ১৯ লাখ ২২ হাজার ১৬৯ জন, হবিগঞ্জে ১৭ লাখ ১ হাজার ৭৪৫ জন, মৌলভীবাজারে ১৫ লাখ ১৬ হাজার ৫৮৮ জন ভোটার রয়েছেন। 

অন্যদিকে, সিলেট বিভাগে হেভিওয়েট প্রার্থীদের অনেকে সুবিধাজনক অবস্থানে থাকলেও কয়েকটি আসনে চমকপ্রদ কিছু ঘটতে পারে। স্বতন্ত্র প্রার্থীদের মধ্যে হবিগঞ্জ-৪ এর সৈয়দ সায়েদুর হক সুমনসহ কয়েকজন জোর আলোচনায় আছেন। সিলেট জেলায় এবার মোট ভোটার ২৭ লাখ ১৫ হাজার ৩৩১ জন। পুরুষ ১৩ লাখ ৯২ হাজার ৩৯৫ এবং  নারী ১৩ লাখ ২২ হাজার ৯২৬ জন। তৃতীয় লিঙ্গের ১০ জন ভোটার রয়েছেন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট জেলার ছয়টি আসনে মনোয়নপত্র যাচাই-বাছাই শেষে ৩৩ জনের মনোনয়ন বৈধ হয়। পরে আরও দুই জন আপিল করে প্রার্থিতা ফিরে পান।  

হবিগঞ্জ-১ (বাহুবল-নবীগঞ্জ) আসনে আওয়ামী লীগ মনোনীত ডা. মুশফিক হুসেন চৌধুরী দলের সিদ্ধান্তে জাতীয় পার্টি মনোনীত মোহাম্মদ আব্দুল মুনিম চৌধুরী বাবুর সমর্থনে মনোনয়ন প্রত্যাহার করে নিলে তার অবস্থান সংহত হয়েছে। এ আসনে স্বতন্ত্র প্রার্থী সাবেক সংরক্ষিত আসনের এমপি এডভোকেট আমাতুল কিবরিয়া চৌধুরী কেয়া। হবিগঞ্জ-২ (বানিয়াচং-আজমিরীগঞ্জ) আসনে আওয়ামী লীগ মনোনীত এডভোকেট ময়েজ উদ্দিন শরীফ রুয়েল ও স্বতন্ত্র প্রার্থী এডভোকেট মো. আব্দুল মজিদ খানের মধ্যে ভোটযুদ্ধ হবে। হবিগঞ্জ-৩ (সদর-লাখাই-শায়েস্তাগঞ্জ) আসনে আওয়ামী লীগ মনোনীত এডভোকেট মো. আবু জাহির অনেকটা নির্ভার। এখানে জাতীয় পার্টি মনোনীত আব্দুল মুমিন চৌধুরী প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন। হবিগঞ্জ-৪ (মাধবপুর-চুনারুঘাট) আসনে আওয়ামী লীগ মনোনীত বর্তমান সংসদ সদস্য, বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী এডভোকেট মো. মাহবুব আলীর সাঙ্গে তুমুল লড়াই হবে স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমনের। সুমনের সাম্প্রতিক নির্বাচনী সমাবেশগুলোতে মানুষের উপচে পড়া উপস্থিতি তার সমর্থকদের অনুপ্রেরণা যুগিয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে অত্যন্ত জনপ্রিয় ওই ব্যক্তি এবার  ঝুঁকির মধ্যে ফেলে দিয়েছেন হেভিওয়েট নৌকার প্রার্থীকে।