ঢাকার সড়কে গণপরিবহন নেই, মানুষের আনাগোনাও কম

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটের দিনে ঢাকার ব্যস্ত সড়কগুলো ফাঁকা দেখা গেছে। নেই গণপরিবহনের চাপ। সিএনজিচালিত অটোরিকশা ও রিকশা কিছুটা চোখে পড়লেও যাত্রী নেই বললেই চলে।

সকাল থেকেই ঢাকার বেশিরভাগ দোকানপাট বন্ধ। ফুটপাথে বা অলিগলিতে কিছু বিক্রেতাকে দেখা গেলেও নেই ক্রেতা।

ভোটের দিনকে সাধারণ ছুটি ঘোষণা করেছে নির্বাচন কমিশন। এই কারণে যাত্রী ও গণপরিবহন কম। এছাড়া গতকাল শনিবার থেকে নির্বাচন বর্জন ও নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবিতে সারাদেশে বিএনপির ডাকা ৪৮ ঘণ্টার সর্বাত্মক হরতাল কর্মসূচি চলছে। এ কারণেও সড়কে গণপরিবহন কম থাকতে পারে বলে মনে করা হচ্ছে।

রাজধানীর ধানমন্ডি, মিরপুর, যাত্রাবাড়ী, গুলিস্তান, বাংলামোটর, কাওরান বাজার, শাহবাগ, গুলশান, মহাখালী উত্তরাসহ বিভিন্ন সড়কে সকাল থেকেই বাস ছিল খুব কম। তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের ব্যাপক আনাগোনা দেখা গেছে রাজধানীজুড়ে।

রাষ্ট্রপতির আদেশক্রমে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ নির্বাচন উপলক্ষে ট্যাক্সি ক্যাব, পিকআপ, মাইক্রোবাস ও ট্রাক চলাচলের ওপর নিষেধাজ্ঞা দেয়। তবে নগরবাসীর ভোট কেন্দ্রে যাতায়াতের জন্য বাস চলাচল বন্ধের কোনো নির্দেশনা দেওয়া হয়নি।