নাতির কোলে চড়ে ভোট দিলেন দাদি 

বয়সের ভারে ন্যুব্জ হয়ে হাঁটাচলার ক্ষমতা হারিয়েছেন বৃদ্ধা অফুলা বেগম (৯১)। কিন্তু সেসব অগ্রাহ্য করে ভোট দেওয়ার জন্য অধীর আগ্রহে ছিলেন এই বৃদ্ধা। ভোট দেওয়ার প্রতি দাদির এই আগ্রহ দেখে নাতি কোলে করেই কেন্দ্রে আনলেন দাদিকে। নাতির কোলে চড়ে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিতে পেরে খুশি অফুলা বেগম।

তিনি কুমিল্লার দেবীদ্বার উপজেলার গুনাইঘর দক্ষিণ ইউনিয়নের বাসিন্দা। রোববার (৭ জানুয়ারি) সকাল সোয়া ১০টার দিকে ইউনিয়নের বনকৈট সরকারি প্রাথমিক স্কুল কেন্দ্রে ভোট দিয়েছেন তিনি।

তিনি জানান, ৯১ বছর বয়সে বহুবার ভোট দিয়েছেন। এবারও শান্তিপূর্ণভাবে নাতির কোলে চড়ে ভোট দিতে পেরে ভালো লেগেছে।

নাতি শাহ আলম জানান, নির্বাচনে ভোট দিতে দাদির খুব আগ্রহ দেখলাম। তাই নিজেই কোলে করে কেন্দ্রে নিয়ে আসলাম। নিজের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পেরে দাদি খুবই আনন্দিত।

কেন্দ্রের প্রিজাইডিং অফিসার মিনহাজ উদ্দন জানান, সকাল থেকে উৎসবমুখর পরিবেশ ভোট গ্রহণ চলছে। এ কেন্দ্রে নারী-পুরুষ মিলে মোট ১ হাজার ৪৭০ জন ভোটার রয়েছে। বেলা সাড়ে ১০টা পর্যন্ত ২০ শতাংশ পড়েছে।

ইসির দেওয়া তথ্যমতে, নির্বাচন ঘিরে সারাদেশে ৫ লাখ ১৬ হাজার আনসার, এক লাখ ৮২ হাজার ৯১ পুলিশ, ৪৬ হাজার ৮৭৬ বিজিবি, ২ হাজার ৩৫০ কোস্টগার্ড ও ৭ শতাধিক র‌্যাব টহলে থাকবে। তাদের সঙ্গে ভোটের মাঠে থাকবে সশস্ত্র বাহিনী। এছাড়া আর্মড পুলিশ ব্যাটালিয়নের সদস্যরাও মাঠে থাকবে। প্রতি কেন্দ্রে থাকবেন ১৫ থেকে ১৭ জন নিরাপত্তা সদস্য।

এবারের নির্বাচনে ৩০০ আসনের মধ্যে ভোট হবে ২৯৯ আসনে। নির্বাচনে ২৮ দল অংশগ্রহণ করেছে। এর মধ্যে দলীয় প্রার্থী ১ হাজার ৫৩৪ জন এবং স্বতন্ত্র ৪৩৬ জন। এছাড়া বিএনপিসহ ৬০ দল নির্বাচন বর্জন করেছে।