চট্টগ্রাম-১৬ আসনে নৌকার প্রার্থী মোস্তাফিজুর রহমানের প্রার্থিতা বাতিল

চট্টগ্রাম-১৬ আসনে আওয়ামী লীগের প্রার্থী মোস্তাফিজুর রহমান চৌধুরীর প্রার্থিতা বাতিল করেছে নির্বাচন কমিশন (ইসি)। রোববার (৭ জানুয়ারি) নির্বাচন কমিশনের সচিব মো. জাহাংগীর আলম এক প্রেস বিফিংয়ে এ কথা জানান।

ইসি সচিব সাংবাদিকদের জানান, ওই প্রার্থী এর আগেও একাধিকবার আচরণবিধি লঙ্ঘন করেছেন। আজ তিনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে হুমকি দিয়েছেন। এই কারণে তার প্রার্থিতা বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে কমিশন।

বাঁশখালীর ওসি তোফায়েল আহমেদকে ফোনে হুমকির আগে চট্টগ্রামে মনোনয়নপত্র জমা দেওয়ার দিন সাংবাদিকদের হয়রানি করার অভিযোগেও আলোচনায় এসেছিলেন এই সংসদ সদস্য।

তার বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে মামলা করেছিল ইসি। এ আসনে তার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করছেন ঈগল প্রতীকে স্বতন্ত্রের প্রার্থী আওয়ামী লীগ নেতা মুজিবর রহমান।