স্পেনে রেসলিং চ্যাম্পিয়ন সোহা

বাংলাদেশি কিশোরী সোহা রেসলিংয়ে স্পেনের জাতীয় পর্যায়ে চ্যাম্পিয়ন হয়েছেন। মাত্র ১৪ বছর বয়সে ৬৬ কেজি ওজনে চ্যাম্পিয়ন হয়ে সবাইকে তাক লাগিয়ে দিয়েছেন তিনি।

১৬ মার্চ স্পেনের জাতীয় অ্যাথলেটিক্স ফেডারেশন আয়োজিত প্রতিযোগিতায় এ গৌরব অর্জন করে সোহা। তার পুরো নাম আরিহা তাহসিন রহমান সোহা। ক্লাস নাইনে ইংলিশ মিডিয়ামে পড়েন তিনি। সোহা জানান, ‘রেসলিং মানে কোনো মারামারি না, একটা কৌশল। কৌশলে অপর পক্ষকে ঘায়েল করা। আমার টার্গেট এবার ইউরোপে চ্যাম্পিয়ন হওয়ার পর ওয়ার্ল্ড এবং অলিম্পিকে সেরা পারফরম্যান্স দেখানো।’ তিনি সবার দোয়া চেয়ে বলেন, ‘আমি যেন বাংলাদেশি মেয়ে হিসেবে অলিম্পিকে চ্যাম্পিয়ন হতে পারি।’ মাদ্রিদে বসবাসরত রংপুরের হাফিজুর রহমান ও সোহেলী শারমিন দম্পতির মেয়ে সোহা। তাঁর ভাই আকিব একজন ভালো রেসলার। মা একজন নারী সংগঠক।