চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসনে নৌকার বিজয় মিছিল করার সময় স্বতন্ত্র প্রার্থী সৈয়দ নজরুল ইসলামের সমর্থক নুরজাহান বেগমসহ দুই সমর্থকের বাড়িতে হামলা, ইটপাটকেল নিক্ষেপ ও ভাঙচুরের অভিযোগ উঠেছে। তবে এ অভিযোগ অস্বীকার করেছেন নৌকা প্রতিকের সমর্থকরা।
রোববার (৭ জানুয়ারি) নির্বাচনের ফলাফলের পর রাতে এ ঘটনা ঘটে।
জানা গেছে, ৭ জানুয়ারি রোববার নির্বাচনের ফলাফলের পর রাতে নৌকা প্রতীকের বিজয় মিছিলের সময় জেলা মহিলা লীগের সহসভাপতি ও মোবারকপুর ইউনিয়নের সাবেক মহিলা সদস্য নুরজাহান বেগম ও মোবারকপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম বাসায় হামলা, ইটপাটকেল নিক্ষেপ ও ভাঙচুর চালিয়েছে।
নুরজাহান বেগম বলেন, স্বতন্ত্র প্রার্থী ও জেলা আওয়ামী লীগের সহসভাপতি সৈয়দ নজরুল ইসলামের ভোট করার দায়ে গত রাতে নৌকার বিজয় মিছিল করে। এ সময় আমার বাড়ির সামনে এসে আমাকে উদ্দেশ্য করে অশ্লীল ভাষায় গালিগালাজ করে এবং আমার ও নজরুল ইসলামের বাসায় হামলা, ইটপাটকেল নিক্ষেপ ও ভাঙচুর চালিয়েছে। এমন কি আমার বিরুদ্ধে মামলা করে গ্রেপ্তার করার ভয়ও দেখায়। পরিস্থিতি খারাপ দেখে বাড়ি থেকে পালিয়ে জীবন বাঁচিয়েছি। শিবগঞ্জ থানায় মামলা করেছি।
এদিকে নৌকার সমর্থক মোবারকপুর ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক ও ৩ নম্বর ওয়ার্ডের সভাপতি রেজাউল করিম ও ইউনিয়ন আওয়াম লীগের সদস্য চুটু আলী জানান, কোনো হামলা, ইটপাটকেল নিক্ষেপ ও ভাঙচুর হয়নি। বরং নুরজাহান-ই মিছিলের লোকজনকে অশ্লীল ভাষায় গালিগালাজ করেছে।
শিবগঞ্জ থানার ওসি সাজ্জাদ হোসেন জানান, মোবারকপুরে নুরজাহানসহ ২ জনের বাড়িতে ভাঙচুর ও হামলার কথা শুনেছি। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মামলা হলে সঠিক তদন্তপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।