নিজের বেশ কয়েকজন কর্মী–সমর্থককে গ্রেপ্তারের প্রতিবাদে টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন টাঙ্গাইল-০৪ (কালিহাতী) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য আব্দুল লতিফ সিদ্দিকী।
মঙ্গলবার (৯ জানুয়ারি) দুপুরে সাড়ে ১২টার দিকে কালিহাতী থানার সামনে মহাসড়কে কর্মী-সমর্থকদের নিয়ে এ অবরোধ করেন তিনি। এ সময় তার সঙ্গে ছিল ছোট ভাই আজাদ সিদ্দিকীও। পরে বেলা ৩টার দিকে সমর্থকদের ছেড়ে দিলে আরেক ছোটভাই বঙ্গবীর আব্দুল কাদের সিদ্দিকীর অনুরোধে এই অবরোধ প্রত্যাহার করেন তিনি।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নির্বাচনের দিন উপজেলার নাগবাড়ী ইউনিয়নে তার কর্মীদের সঙ্গে স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের কর্মীদের বাকবিতণ্ডা হয়। এই ঘটনায় সোমবার থানায় মামলা হয়। রাতে ছয়জনকে আটক করে পুলিশ। তারা সবাই লতিফ সিদ্দিকীর কর্মী-সমর্থক।
এ ঘটনায় আটক কর্মীদের মুক্তির দাবিতে লতিফ সিদ্দিকী থানার সামনে যান। তিনি আটক কর্মীদের ছেড়ে দিতে বলেন। পুলিশ তাদের ছেড়ে না দেওয়ায় থানার সামনে রাস্তায় বসে পড়েন তিনি। তার সঙ্গে যোগ দেন কয়েকশ সমর্থক। এ সময় মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে। পরে এজাহারে নাম না থাকায় আটককৃতদের মধ্যে ৪ জনকে ছেড়ে দেন পুলিশ। বাকি দুইজনকে আদালতে পাঠানো হয়।
এ বিষয়ে টাঙ্গাইলের পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার জানান, এই অবরোধের ফলে মহাসড়কের দুই পাশে কয়েক কিলোমিটার এলাকা যানজটের সৃষ্টি হয়েছিল। অবরোধ তুলে নেওয়ার জন্য পুলিশ কর্মকর্তারা তাকে অনুরোধ করেন। অবরোধ তুল নেওয়ার কারণে মহাসড়কে পুনরায় যান চলাচল শুরু হয়েছে।