বাংলাদেশ বেতারের জেলা প্রতিনিধি অ্যাডভোকেট তছিরুল আলম মালিক ডিউক (৬৬) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি........রাজেউন)। মঙ্গলবার (৯ জানুয়ারি) সকাল ৮টার দিকে নিজ বাসভবনে স্ট্রোকজনিত কারণে মৃত্যুবরণ করেন তিনি।
দীপ্ত টিভির চুয়াডাঙ্গা প্রতিনিধি ও দৈনিক আকাশ খবরের সম্পাদক জান্নাতুল আওলিয়া নিশির বাবা চুয়াডাঙ্গার প্রবীণ সাংবাদিক ও আইনজীবী ৬৬ বছরের জীবদ্দশায় তিনি স্থানীয় দৈনিক আকাশ খবরের প্রকাশক ছিলেন। বাংলাদেশ সংবাদ সংস্থা বাসসের প্রতিনিধিত্ব করেছেন, সর্বশেষ বাংলাদেশ বেতারে কাজ করছিলেন। জেলার প্রবীণ এই আইনজীবী ছিলেন আওয়ামী রাজনীতির সঙ্গে প্রত্যক্ষভাবে জড়িত। তিনি চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সাবেক কৃষিবিষয়ক সম্পাদক, টানা ১৮ বছর ধরে জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক ছিলেন।
তার মৃত্যুতে শোক জানিয়েছেন চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য জেলা আওয়ামী লীগের সভাপতি সোলায়মান হক জোয়ার্দ্দারসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক মেয়ে ও এক ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।