রাজৈরে সড়ক দুর্ঘটনায় ভূমি উপ-সহকারী কর্মকর্তার মৃত্যু

মাদারীপুরের রাজৈরে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত ইউনিয়ন (ভূমি) উপ-সহকারী কর্মকর্তা মুহাম্মদ রফিকুল ইসলাম মারা গেছেন। ছয়দিন পর মঙ্গলবার (৯ জানুয়ারি) রাত ১১টার দিকে আগারগাঁও নিউরোসাইন্স হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন রাজৈর থানার ওসি মো. আসাদুজ্জামান হাওলাদার।

নিহত মুহাম্মদ রফিকুল ইসলাম (৫০) মাদারীপুর সদরের নয়াকান্দি বাজিতপুর গ্রামের রব বেপারীর ছেলে ও উপজেলার ইশিবপুর ইউনিয়নের (ভূমি) উপ-সহকারী কর্মকর্তা ছিলেন।

স্থানীয় ও পারিবারিক সূত্র জানায়, গত ৪ জানুয়ারি বৃহস্পতিবার ১০টার দিকে রাজৈরের ইশিবপুর ইউনিয়নের (ভূমি) উপ-সহকারী কর্মকর্তা মুহাম্মদ রফিকুল ইসলাম নির্বাচনী প্রস্তুতি সভায় যোগ দিতে মোটরসাইকেলে রাজৈর ভূমি অফিসে আসার পথে ঢাকা-বরিশাল মহাসড়কের রাজৈর বাসস্ট্যান্ড মোড়ে এলে মাদারীপুরগামী একটি মোটরসাইকেল তাকে সজোরে ধাক্কা দেয়। এ সময় রফিকুল ইসলাম ছিটকে রাস্তার ওপর পড়ে যায়। পরে তাকে সংজ্ঞাহীন অবস্থায় প্রথমে রাজৈর ও পরে আগারগাঁও নিউরোসায়েন্স হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। সেখানে ছয়দিন পর মঙ্গলবার রাত ১১টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার।