নাটোরে নসিমন উল্টে স্বামী-স্ত্রী নিহত

নাটোরের লালপুরের দক্ষিণ লালপুরে নছিমন উল্টে স্বামী-স্ত্রী নিহতের ঘটনা ঘটেছে। আজ বৃহস্পতিবার সকাল পৌনে সাতটার দিকে বানেশ্বর-ঈশ্বরদী আঞ্চলিক মহাসড়কের দক্ষিণ লালপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের পরিচয়- দক্ষিণ লালপুর গ্রামের খায়েজ মোল্লার ছেলে চান্দু মোল্লা (৬০) ও তার স্ত্রী আরবী বেগম (৪৮)। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সকাল পৌনে সাতটার দিকে নছিমনে চেপে আজিমনগর রেলওয়ে স্টেশনের দিকে রওনা দেন ওই দম্পতি।

সকালে উল্টে যায় নসিমন। ছবি: ফোকাস বাংলা

বানেশ্বর-ঈশ্বরদী আঞ্চলিক মহাসড়কের দক্ষিণ লালপুর ফিলিং স্টেশনের কাছে পৌঁছালে ঘন কুয়াশায় নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি উল্টে যায়। এতে ঘটনাস্থলেই চান্দু মোল্লাও তার স্ত্রী আরবী বেগম নিহত হন।

উল্টে যাওয়া নসিমনকে ঘিরে উৎসুক লোকজন। ছবি: ফোকাস বাংলা

স্থানীয় ইউপি চেয়ারম্যান আব্দুল আজিজ রঞ্জু বলেন, ‘নিহত রানওগাঁওয়ে মৃত এক আত্মীয়কে দেখতে আজিমনগর রেলওয়ে স্টেশনের দিকে যাচ্ছিলেন। নিয়ন্ত্রণ হারিয়ে ভটভটি (স্থানীয়ভাবে নছিমন নামে পরিচিত) উল্টে তারা নিহত হন।’

দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন লালপুর থানার ওসি নাছিম আহম্মেদ। আইনি ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়ে তিনি বলেন, ‘দুর্ঘটনার পর পরই নছিমন চালক পালিয়ে গেছেন।’