বৃহস্পতিবার ভোর চারটার দিকে নাটোর-পাবনা মহাসড়কের নাটোরের লালপুরের কদিমচিলান ইউনিয়নের গোধরা এলাকায় যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ট্রাক চালকসহ আহত হয়েছেন অন্তত ১০ জন।
আহতদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক। তাদেরকে বনপাড়ার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। বাকিদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।
হাসপাতালে চিকিৎসাধীন আহতদের পরিচয়- ঝিনাইদহের ট্রাক চালক শফিউল ইসলাম (৪০) এবং ট্রাকের হেলপার (চালকের সহযোগী) পঞ্চগড়ের আব্দুল কাদের (১৭)। এছাড়া বাসের যাত্রী বাঘার রুবেল আহমেদ (৩০) এবং তার ভাই উজ্জ্বল (৩৫)।
পুলিশ ও স্থানীয়রা জানান, ঢাকা থেকে ছেড়ে আসা রাজশাহীর বাঘাগামী ঈশ্বরদী এক্সপ্রেস বাসটি লালপুরের গোধরা এলাকায় পৌঁছালে ঘন কুয়াশার কারণে পাবনা থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে।
বনপাড়া হাইওয়ে থানার পরিদর্শক হাবিবুর রহমান বলেন, ‘ঘটনাস্থল থেকে চারজনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আরও পাঁচ-ছয়জন আহত হয়েছেন। বাস ও ট্রাক জব্দ করা হয়েছে।’