দুইবার চিফ হুইপ ও তিনবার সংসদীয় পার্টির সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় শিবচরে আনন্দ মিছিল

মাদারীপুর-১ আসনের সংসদ সদস্য নূর-ই-আলম চৌধুরী দ্বিতীয়বারের মতো চিফ হুইপ ও তৃতীয়বারের মতো সংসদীয় পার্টির সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় শিবচরে আনন্দ মিছিল করেছেন আওয়ামী লীগের নেতা-কর্মীরা। 

বৃহস্পতিবার (১১ জানুয়ারি) সকাল ১০টা থেকে শিবচরে নেতা-কর্মীদের আনন্দ মিছিল ও রঙ উৎসব শুরু হয়। আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীদের সঙ্গে সমর্থকরাও যুক্ত হন ওই উৎসবে।

জানা গেছে,  বৃহস্পতিবার সকালে শিবচর উপজেলা আওয়ামী লীগের কার্যালয় থেকে উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের অংশগ্রহণে একটি আনন্দ মিছিল বের হয়। মিছিলটি পৌর এলাকার প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে। পরে সড়কের ৭১ চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতির পাদদেশে সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে নেতা-কর্মীরা উচ্ছ্বাস প্রকাশ করে বক্তব্য রাখেন।

এ সময় উপস্থিত ছিলেন পৌর মেয়র মো. আওলাদ হোসেন খান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডা. মো. সেলিম, পৌর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক তোফাজ্জেল হোসেন খানসহ দলীয় নেতারা।