পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন হাছান মাহমুদ

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদকে পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার (১১ জানুয়ারি) সন্ধ্যায় মন্ত্রীসভার শপথগ্রহণের পর এই তথ্য জানানো হয়। 

এর আগে একাদশ সংসদ নির্বাচনে জয়ী হয়ে তিনি তথ্যমন্ত্রীর দায়িত্ব পেয়েছিলেন। তারও আগে তিনি বন ও পরিবেশ মন্ত্রী এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। 

দ্বাদশ সংসদ নির্বাচনে চট্টগ্রাম-৭ (রাঙ্গুনিয়া ও বোয়ালখালী আংশিক) আসন থেকে টানা চতুর্থবার সংসদ সদস্য নির্বাচিত হন ড. হাছান মাহমুদ। তিনি এই আসন থেকে এক লাখ ৯৮ হাজার ৯৭৬ ভোট পেয়ে নির্বাচিত হন।