ফের রোহিঙ্গা ক্যাম্পে যুবককে গুলি করে হত্যা

কক্সবাজারের উখিয়ায় ফের রোহিঙ্গা ক্যাম্পে যুবককে গুলি করে হত্যার অভিযোগ উঠেছে। শনিবার (১৩ জানুয়ারি) বিকাল ৫টার দিকে উখিয়ার ১৯ নম্বর ক্যাম্পে চায়ের দোকানের সামনে তাকে গুলি করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন উখিয়া থানার ওসি মো. শামীম হোসাইন।

নিহত রোহিঙ্গা যুবকের নাম মো. হুজিত উল্লাহ (৩৪)। তিনি উখিয়ার উখিয়ার ১৯ নম্বর ক্যাম্পের সি/৬ ব্লকের ফয়জুল করিমের ছেলে।

ওসি মো. শামীম হোসাইন বলেন, শনিবার বিকাল সাড়ে ৪টার দিকে রোহিঙ্গা ক্যাম্প-১৯ এর সি/০৬ ব্লকে বাসিন্দা হুজিত উল্লাহকে ৬/৭ জনের আরসা সন্ত্রাসী দল ধরে নিয়ে যায়। উক্ত ব্লকের একটি চায়ের দোকানে সামনে নিয়ে তাকে মাথায় গুলি করে হত্যা করে পালিয়ে যায়। তবে কি কারণে এ হত্যাকাণ্ড হয়েছে তা তদন্তের পর বেরিয়ে আসবে।

ঘোনারপাড়া এপিবিএন পুলিশ ও থানা পুলিশের টিম ঘটনাস্থলে রয়েছেন বলে উল্লেখ করেন ওসি।

এদিকে, শুক্রবার (১২ জানুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে উখিয়া কুতুপালং ক্যাম্প-২০ এর সাবেক মাঝি করিম উল্লাহকে (৩৭) গলা কেটে করে হত্যা করে। নিহত করিম উখিয়ার কুতুপালং ২০ নম্বর ক্যাম্পের সাবেক মাঝি ও ব্লক-এম/২৭ এর মৃত গনি মিয়ার ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন ক্যাম্পে নিরাপত্তার দায়িত্বে থাকা ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মো. ইকবাল।