রাজধানীর মগবাজারে মাথায় কংক্রিটের ব্লক পড়ে বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালক দীপান্বিতা বিশ্বাস নিহতের ঘটনাটিকে হত্যাকাণ্ড বলে দাবি করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও সাবেক শিক্ষার্থীরা। শনিবার সকালে বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে ঢাবির ২০০৫-০৬ সেশনের সাবেক শিক্ষার্থীদের সংগঠন ব্রিজ-আয়োজিত মানববন্ধনে এই দাবি করেন।
এদিকে মর্মান্তিক এই ঘটনায় দায়ের করা মামলার প্রসঙ্গে রমনা থানার ওসি উৎপল বড়ুয়া বলেন, তার মাথায় কংক্রিটের ব্লক পড়ে যাওয়ার দৃশ্য সিসি ক্যামেরার ভিডিও ফুটেজ থেকে আমরা দেখতে পেয়েছি। তবে ব্লকটি কোথা থেকে পড়েছে না কি কেউ ছুঁড়ে মেরেছে-এ বিষয়ে কোনো ভিডিও ফুটেজ পাইনি। বিষয়টি তদন্ত করা হচ্ছে। ঘটনাস্থলের আশপাশের অন্যান্য সিসি ক্যামেরার ভিডিও ফুটেজ পর্যবেক্ষণ করা হচ্ছে। এখন পর্যন্ত কোনো ভিডিও ফুটেজ পাইনি। গত বুধবার সন্ধ্যায় দীপান্বিতা বিশ্বাসের মর্মান্তিক মৃত্যুর ঘটনার পরদিন তার স্বামী তরুণ বিশ্বাস বাদী হয়ে অজ্ঞাত পরিচয় ব্যক্তিদের আসামি করে রমনা থানায় মামলা করেন। মামলাটি রমনা থানা পুলিশ তদন্ত করছে।
ঢাবিতে মানববন্ধন: গতকাল শনিবার বেলা সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে ঢাবির ২০০৫-০৬ সেশনের সাবেক শিক্ষার্থীদের সংগঠনের (ব্রিজ) আয়োজনে মানববন্ধন কর্মসূচি পালিত হয়। মানববন্ধন থেকে দীপান্বিতার বন্ধু ও সহকর্মীরা তার মৃত্যুর সুষ্ঠু তদন্তসাপেক্ষ বিচার, তার সন্তান ও পরিবারের ভরণপোষণের দায়িত্ব সরকারকে নেওয়া এবং পরবর্তীতে রাস্তাঘাটে মানুষের যেন এমন অকাল মৃত্যু না হয় সেই দাবি জানান।
দীপান্বিতার বন্ধু ও সহকর্মী রাসেল মাহমুদ বলেন, এটি শুধুই মৃত্যু নাকি হত্যাকাণ্ড সেটা আমরা জানি না। বলা হয়েছে উড়াল সড়কের উপর থেকে না কি একটি ইট পড়ে তিনি মারা যান। আমরা চাই না রাস্তাঘাটে ডাল ভেঙে, ইট পড়ে মানুষের অকাল মৃত্যু হোক। আমরা এই ঘটনার সুষ্ঠু তদন্ত চাই। প্রয়োজন হলে আমরা স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে যাবো ঘটনার সুষ্ঠু তদন্তসাপেক্ষ বিচারের জন্য।
ঢাবি শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ও সমাজবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক জিনাত হুদা বলেন, বর্তমান সময়ে নারীদের এতদূর এগিয়ে যাওয়া যেখানে অনেক কষ্টকর, সেখানে দীপান্বিতা বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালক হিসেবে কাজ করছিলো। সে দুটি পরিবারকে সামলে নিচ্ছিল সুন্দরভাবে। কিন্তু এই নৃশংস ঘটনা দুটি পরিবারকে স্তব্ধ করে দিয়েছে, আমাদেরকেও স্তব্ধ করেছে। আমরা চাই এই ঘটনার সুষ্ঠু তদন্ত হোক, দীপান্বিতার মৃত্যুর সঙ্গে জড়িতদের বিচার হোক এবং তার সন্তান ও পরিবারের দায়িত্ব যেন সরকার নেয়, প্রধানমন্ত্রীর কাছে আমরা সেই আশাবাদ রাখছি।
মানববন্ধনে অন্যদের মধ্যে ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটির সিনিয়র লেকচারার মো. ওহিদুজ্জামান, বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালক সহকর্মী মীনাক্ষী, বন্ধু বিজয় আহমেদ, আল রফিক জয় প্রমুখ বক্তব্য রাখেন।
দীপান্বিতা বিশ্বাসের স্বামী তরুণ বিশ্বাস বলেন, বিষয়টি হত্যাকাণ্ড না কি অন্যকিছু, পুলিশ বিষয়টি নিয়ে তদন্ত করুক। পুলিশ সঠিকভাবে তদন্ত করলে প্রকৃত ঘটনা বেরিয়ে আসবে। এ ব্যাপারে বাংলাদেশ ব্যাংক থেকে দীপান্বিতার সহকর্মীরা স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনারের কাছে স্মারকলিপি দিবেন।
উল্লেখ্য, গত বুধবার সন্ধ্যায় মগবাজারে নিউ সার্কুলার রোডে ফুটপাত দিয়ে হেঁটে যাওয়ার সময় মাথায় কংক্রিটের ব্লক পড়ে ঘটনাস্থলে নিহত হন বাংলাদেশ ব্যাংকের এই কর্মকর্তা।