দুই হাত ছাড়াই ব্যাট করলেন কাশ্মীরের যুবক, আবেগতাড়িত শচীন  

ক্রিকেট খেলতে শরীরের যেই অংশ সবচেয়ে জরুরি তা হলো হাত। হাত ছাড়া ব্যাটিং-বোলিং করা প্রায় অকল্পনীয়। অথচ সেই অকল্পনীয় কাজই করেছেন কাশ্মীরের যুবক আমির হুসাইন লোন। জম্মু ও কাশ্মীর প্যারা ক্রিকেট দলের অধিনায়ক তিনি। আমিরের ব্যাটিংয়ের ভিডিও দেখে আবেগতাড়িত হয়ে পড়েছেন ভারতীয় কিংবদন্তি শচীন টেন্ডুলকার। 

ভারতীয় বার্তা সংস্থা ‘এএনআই’–এর একটি ভিডিওটি শেয়ার করেছেন শচীন। ভিডিওতে দেখা যায়, টেন্ডুলকারের নামাঙ্কিত ভারতীয় দলের জার্সি পরা আমির কংক্রিটের নেটে ব্যাটিং অনুশীলন করছেন। ভিডিওটি দেখে বেশ আবেগতাড়িত হয়েছেন শচীন।

সামাজিক যোগাযোগ মাধ্যম ‘এক্স’-এ শচীন লিখেছেন, ‘অসম্ভবকে সম্ভব করেছে আমির। এটা দেখে আমি খুব আবেগতাড়িত হয়ে পড়েছি। এটা খেলার প্রতি তার ভালোবাসা এবং আত্মত্যাগের বহিঃপ্রকাশ। আশা করি, একদিন তার সঙ্গে দেখা করে তার নাম লেখা একটি জার্সি নেওয়ার সুযোগ হবে। খেলাটিকে ভালোবাসা লাখ লাখ মানুষকে প্রেরণা দেওয়ার এই কাজটা দারুণ।’

ভারতীয় গণমাধ্যম ‘টাইমস অব ইন্ডিয়া’র বরাতে জানা যায়, ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের ওয়াঘামা গ্রামে জন্ম আমিরের। বাবার কারখানায় ৮ বছর বয়সে এক দুর্ঘটনায় দুই হাত হারিয়েছিলেন। কিন্তু ক্রিকেটের প্রতি ভালোবাসা থেকেই নিজের শারীরিক সীমাবদ্ধতার মধ্যেও খেলে যাচ্ছেন আমির।

ঘাড় এবং কাঁধের মাঝখানে ধরে ব্যাটিং। আর, পায়ের মাধ্যমে বোলিংয়ের অনন্য দক্ষতা আয়ত্ত করেছেন আমির। তিনি ২০১৩ সাল থেকে প্যারা ক্রিকেট খেলছেন। যেখানেই খেলতে যান, সবার প্রশংসা পান ৩৪ বছর বয়সী এই ক্রিকেটার।

আমির বলেন, ‘আমি সব জায়গাতেই আমার খেলার প্রশংসা শুনেছি। এটা সৃষ্টিকর্তার অবদান। তিনি আমাকে কঠোর পরিশ্রমের ফল দিয়েছেন। পা দিয়ে বল করা খুবই কঠিন, কিন্তু আমি সে দক্ষতা অর্জন করেছি। আমি নিজেই সব কাজ করি এবং সৃষ্টিকর্তা ছাড়া অন্য কারও ওপর নির্ভরশীল নই।’