হাতে অস্ত্রোপচার করিয়েছেন অমিতাভ বচ্চন। এমন খবর নিজের ব্লগে জানিয়েছেন অভিনেতা নিজেই। তবে কবে কখন হাতে চোট পেয়েছেন এবং কখন অস্ত্রোপচার করিয়েছেন কিছুই জানাননি তিনি।
সম্প্রতি অমিতাভ অক্ষয়ের সঙ্গে আইএসপিএল (ইন্ডিয়ান স্ট্রিন প্রিমিয়ার লিগ) একটি ক্রিকেট লিগের জন্য তিনি শুটিং করছিলেন। তখনই বলিউড খিলাড়ির সঙ্গে নিজের হাতের অস্ত্রোপচার নিয়ে আলোচনা করেন বিগ বি। সেই সময়েরই একটি ছবি শেয়ার করে অমিতাভ তার ব্লগে এ খবর জানান।
ব্লগে অমিতাভ অক্ষয়ের সঙ্গে শুটিং ফ্লোরের কিছু ছবি পোস্ট করেছেন। সেখানে অভিনেতার ডান হাতে ব্যান্ডেজ দেখা গেছে। অমিতাভ লেখেন, ‘সম্প্রতি আইএসপিএল-এ সকলের সঙ্গে দেখা হল। খুব কম সময়ের মধ্যেই আমাদের বন্ধু এবং সতীর্থদের সঙ্গে দেখা করার সুযোগ হল। অক্ষয়ও একটি টিমের মালিক। ওর সঙ্গে আমার হাতের অপারেশন নিয়েও কথা হল।’
তবে অমিতাভ তার অস্ত্রোপচারের কথা প্রকাশ করতেই অনুরাগীরা দুশ্চিন্তা প্রকাশ করেছেন। অনেকেই সামাজিক মাধ্যমে অভিনেতার দ্রুত আরোগ্য কামনা করেছেন। তবে অনুরাগীদের একাংশের অনুমান, অমিতাভ এখন ভাল আছেন বলেই শুটিং করছেন।
কিছু দিন আগেই জানা গিয়েছিল যে অমিতাভ ‘আইএসপিএল’-এর মুম্বাই টিম কিনেছেন। অমিতাভ ছাড়াও সাইফ আলি খান, কারিনা কাপুর খান, রামচরণের মতো তারকারা নিজেদের দল কিনেছেন। সম্প্রতি, ‘কউন বনেগা ক্রোড়পতি’র একটি সিজন শেষ করেছেন অমিতাভ। চলতি বছরে অভিনেতার বেশ কিছু ছবি মুক্তির কথাও আছে।