ভাণ্ডারিয়ায় বিনম্র শ্রদ্ধা এবং যথাযোগ্য মর্যাদার মধ্য দিয়ে দৈনিক ইত্তেফাক গ্রুপ অব পাবলিকেশন্স লিমিটেডের পরিচালকমণ্ডলীর সাবেক চেয়ারম্যান এবং দৈনিক ইত্তেফাকের প্রতিষ্ঠাতা সম্পাদক তফাজ্জল হোসেন মানিক মিয়ার সহধর্মিণী মহীয়সী মজিদা বেগমের ৩৭তম মৃত্যুবার্ষিকী পালিত হয়।
মঙ্গলবার (১৬ জানুয়ারি) দুপুরে ভাণ্ডারিয়া মজিদা বেগম মহিলা বিশ্ববিদ্যালয় কলেজের উদ্যোগে কলেজের সুলতানা হোসেন কক্ষে মহীয়সী মজিদা বেগমের কর্মময় জীবনের নানা দিক নিয়ে আলোচনা সভা, মিলাদ মাহফিল ও মরহুমার রুহের মাগফিরাত কামনা করে দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ এনায়েত করিম খোকনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন জাতীয় পার্টি-জেপির উপজেলা সিনিয়র সহসভাপতি এবং সাবেক সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. গোলাম সরোয়ার হোসেন জোমাদ্দার।
এ ছাড়া অন্যদের মধ্যে বক্তব্য দেন কলেজের সহকারী অধ্যাপক আব্দুল হালিম হাওলাদার, প্রভাষক মুরাদ হোসেন, মো. ওসমান গনি, মো. ওমর ফারুক, কলেজ পরিচালনা কমিটির সদস্য মো. মহসীন মিয়া শাহিনসহ অনেকে। পরে মরহমার রুহের মাগফিরাত কামনা করে দোয়া মোনাজাত পরিচালনা করেন কলেজের প্রভাষক মাওলানা মো. নুরুল হক।
আলোচনা সভায় মজিদা বেগম কলেজ ও মজিদা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের উদ্দেশ্যে জেষ্ঠ্য বক্তারা বলেন, মহীয়সী মজিদা বেগম শুধু একটি নাম বা একজন নারীই নয়। তিনি একদিকে একজন সফল স্ত্রী, সফল মা, অন্যদিকে একজন জনদরদি মানুষ ছিলেন। এবং তৎকালীন সময়ে নারী শিক্ষার অগ্রযাত্রার পথিকৃৎ। উপ-মহাদেশের প্রখ্যাত সাংবাদিক, মুসাফির কলাম লেখক ও বৃটিশবিরোধী আন্দোলন এবং স্বাধীন বাংলার অগ্রদূত তফাজ্জল হোসেন মানিক মিয়াকে অর্থাৎ তার স্বামীকে একদিকে তার কাজে সবসময় উৎসাহ যুগিয়েছেন। অন্যদিকে ছেলে-মেয়েদের সুশিক্ষায় শিক্ষিত করতেও ছিলেন বিশেষ তৎপর। মাজেদা বেগমের জীবনযাপন ছিল সাদা-মাঠা। তাই তোমরা সবাই তার জীবনাদর্শন স্মরণ এবং অনুকরণ করে এই ভাণ্ডারিয়ায় একটি দৃষ্টান্ত স্থাপন করবে এটাই তার মৃত্যুবার্ষিকীতে তোমাদের প্রতি আহবান রইল।