জাতীয় পার্টি-জেপি’র কেন্দ্রীয় যুগ্ম-মহাসচিব ও জাতীয় যুবসংহতির সভাপতি অ্যাডভোকেট এনামুল ইসলাম রুবেল বলেছেন, মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে পাওয়া বাংলাদেশে প্রত্যাশিত গণতন্ত্র এখনও স্বপ্নই থেকে গেছে। মহান মুক্তিযুদ্ধে শহীদরা যেই গণতান্ত্রিক দেশের স্বপ্ন দেখেছিলেন, কাঙ্খিত সেই বাংলাদেশ প্রতিষ্ঠায় দেশের যুবসমাজকেই অগ্রণী ভূমিকা রাখতে হবে।
বুধবার (১৭ জানুয়ারি) রাজধানীর কাকরাইলে জাতীয় যুব সংহতির নেতা-কর্মীদের সঙ্গে দেশের সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনাকালে তিনি এ কথা বলেন।
অ্যাডভোকেট রুবেল বলেন, স্বাধীনতার ৫৩ বছর হয়ে গেলেও দেশে এখনও একটি গ্রহণযোগ্য নির্বাচন ব্যবস্থা গড়তে না পারা জাতির জন্য হতাশার। এখনো নির্বাচনে প্রহসন ও কারচুপির অভিযোগ ওঠা দেশের জন্য অসম্মানের। শুধু ক্ষমতায় থাকা আর অবকাঠামোগত উন্নয়নই মুক্তিযুদ্ধের চেতনা নয়। মানুষে-মানুষে বৈষম্য নিরসন এবং মানুষের বাকস্বাধীনতা, মুক্তচিন্তার স্বাধীনতা ও গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করা সর্বাগ্রে জরুরি। মানুষের গণতান্ত্রিক ও মৌলিক অধিকার না থাকলে বিশ্ব দরবারে আমরা একটি সভ্য জাতি হিসেবে দাঁড়াতে পারবো না।
জাতীয় যুব সংহতির কেন্দ্রীয় সভাপতি আরও বলেন, অবকাঠামোগত উন্নয়ন কখনো টেকসই হতে পারে না, যদি দেশে গণতান্ত্রিক চর্চা না থাকে এবং আইনের শাসন না থাকে। মানুষের ন্যায়বিচার পাওয়ার অধিকার নিশ্চিত করতে দেশের তরুণ ও যুবসমাজকে এগিয়ে আসতে হবে। কারণ, এই যুবসমাজের গৌরবজ্জল ইতিহাস রয়েছে। বায়ান্নর ভাষা আন্দোলন থেকে শুরু করে মহান মুক্তিযুদ্ধ- সকল গণতান্ত্রিক আন্দোলনেই এই যুবসমাজই সামনের কাতারে থেকে নেতৃত্ব দিয়েছে। সেই গৌরবগাঁথা ইতিহাস থেকে শিক্ষা নিয়ে যুবসমাজকে জনগণের পাশে দাঁড়াতে হবে।