মাদারীপুর ২৫০ শয্যা হাসপাতাল

কনসালট্যান্টের ছয় পদ শূন্য, দুর্ভোগে চিকিৎসা নিতে আসা রোগীরা

মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালে বর্তমানে কনসালট্যান্ট-এর ছয়টি পদ শূন্য। বিশেষ করে সিনিয়র কনসালট্যান্ট সার্জারি না থাকায় এলাকাবাসীকে দুর্ভোগ পোহাতে হচ্ছে।

জেলা হাসপাতাল সূত্রে জানা যায়, বর্তমানে ২৫০ শয্যা জেলা হাসপাতালে কনসালটেন্ট এর ছয়টি পদ শূন্য রয়েছে। এর মধ্যে সিনিয়র কনসালট্যান্ট সার্জারি, জুনিয়র কনসালট্যান্ট ফিজিক্যাল মেডিসিন অ্যান্ড রিহ্যাবিলাইজেশন, জুনিয়র কনসালট্যান্ট নাক-কান-গলা (ইএনটি), জুনিয়র কনসালট্যান্ট (রেডিওলজি), জুনিয়র কনসালট্যান্ট অ্যানেসথেশিয়া, জুনিয়র কনসালট্যান্ট অপথালমজির একটি করে ছয়টি পদ বর্তমানে শূন্য রয়েছে। এর মধ্যে দুই-তিনটি পদ দীর্ঘদিন যাবত শূন্য রয়েছে বলে জানা যায়।

সৈদারবালী গ্রামের আমজাদ হোসেন, শহরতলী (পাঁচখোলা) আরিফ হোসেন বলেন, ‘কনসালট্যান্ট না থাকায় বিশেষ করে সার্জারি কনসালট্যান্ট না থাকায় আমাদের প্রতিনিয়ত বিপাকে পড়তে হচ্ছে। এই হাসপাতালে কনসালট্যান্ট না থাকায় রোগীদের বিশেষ করে সড়ক দুর্ঘটনায় আহত ও সংকটাপন্ন রোগীদের অন্যত্র পাঠিয়ে দেওয়া হচ্ছে।’

২৫০ বেড জেলা হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার ডা. মো. নুরুল ইসলাম এই হাসপাতালে কনসালট্যান্টের ছয়টি পদ বর্তমানে শূন্য রয়েছে বলে নিশ্চিত করেছেন। তিনি জানান, এই সংক্রান্ত সব তথ্য বিশেষ করে শূন্য পদের তালিকা বিভাগীয় ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে।