কুড়িগ্রামে প্রাথমিক-মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ

তাপমাত্রা ১০ ডিগ্রির নিচে নামলেই প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের নির্দেশনা দিয়েছে সরকার। সেই অনুযায়ী কুড়িগ্রামে সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল আরীফ। তিনি বলেন, ‌‘আজ বৃহস্পতিবার কুড়িগ্রামে তাপমাত্রা ১০ এর নিচে নেমে যাওয়ায় জেলার প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের সব ধরনের শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখা হয়েছে। সরকারের নির্দেশনা অনুযায়ী এ পদক্ষেপ নেওয়া হয়েছে।’

ছবি: ফোকাস বাংলা

শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ প্রসঙ্গে গণমাধ্যমকে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নবেজ উদ্দিন বলেন, ‘আমরা জেলা প্রশাসককে বিষয়টি অবগত করেছি। জেলার ওপর দিয়ে শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। যার ফলে সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে। পরে ১০ ডিগ্রি তাপমাত্রা হলে অটোমেটিক স্কুল খুলে যাবে।’

এ বিষয়ে জেলা শিক্ষা কর্মকর্তা সামছুল আলম বলেন, ‘প্রাথমিক ও উচ্চ ম্যাধমিক বিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়েছে। ১০ ডিগ্রি তাপমাত্রা হলে আবারও স্কুল খুলে দেওয়া হবে।’

জেলার রাজারহাট আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুবল চন্দ্র সরকার বলেন, ‘বৃহস্পতিবার সকাল নয়টার দিকে জেলার সর্বনিম্ন তাপমাত্রা ৯ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।’