বসুন্ধরা কিংস ৩-০ শেখ জামাল

শেখ জামালের আত্মসমর্পণ শেষ দশ মিনিটে

প্রিমিয়ার ফুটবলে শেখ জামাল ধানমন্ডি ক্লাবের বিপক্ষে লিগের বর্তমান চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস ৩-০ গোলে জয় পেয়েছে। গোপালগঞ্জের মাঠে হওয়া লিগের এই ম্যাচটিতে সব নাটকীয় ঘটনা ঘটল। ম্যাচে শেষ ১০ মিনিটে শেখ জামাল ধানমন্ডি ক্লাব যেন কিংসের সামনে অসহায় আত্মসমর্পণ করল। ৯০ মিনিটে খেলায় শেষ ১০ মিনিটে জোড়া গোল হজম করল শেখ জামাল। ৭৮ মিনিট পর্যন্ত গোল হয়নি। শেখ জামাল গোল করতে পারেনি, গোল হজমও করেনি। 

কিংস পয়েন্ট হারানোর পথে যাচ্ছিল। সেই ম্যাচ পুরোটাই ঘুরে গেল। গোলের খাতায় নাম লেখালেন দুই ব্রাজিলিয়ান। ৭৯ মিনিটে ব্রাজিলিয়ান ডরিয়েলটনের গোলে এগিয়ে যায় বসুন্ধরা কিংস। ৯০ মিনিট শেষ, ১-০তে এগিয়ে ছিল। খেলা গড়ায় অতিরিক্ত সময়ে। অতিরিক্ত সময়ে আরও নাটকীয় চিত্র দেখল সবাই। অতিরিক্ত সময়ের সুযোগটা কাজে লাগিয়ে গোলসংখ্যাটা বাড়িয়ে নেয় বসুন্ধরা কিংস।

রেফারি সাইমন অতিরিক্ত সময় দেন ছয় মিনিট। ৯২ মিনিটে ডরিয়েলটন দ্বিতীয় গোল করেন। আর ৯৬ মিনিটে রবসন গোল করে শেখ জামালক আর মাথা তুলে দাঁড়ানোর সুযোগ দেননি। ম্যাচ চালাতে গিয়ে রেফারি সাইমনকে ঘাম ঝরাতে হয়েছে। বারবার খেলোয়াড়দের সঙ্গে কথা বলতে হয়েছে। পুরো ম্যাচে দেখা গেছে এক ডজন হলুদ কার্ড হয়েছে। এর মধ্যে শেখ জামালের পাঁচ জন, কিংসের সাত জনকে হলুদ কার্ড দেখানো হয়েছে। ১২ জনের মধ্যে বিদেশির সংখ্যাই বেশি। এসব কারণে খেলা বারবার বন্ধ হয়েছে এবং শুরু করতে গিয়েও সময় নষ্ট হয়েছে। বসুন্ধরা কিংস ও শেখ রাসেল ক্রীড়া চক্র এবং শেখ জামাল ধানমন্ডি ক্লাব বসুন্ধরা গ্রুপের অর্থায়নে পরিচালিত হয়।

টানা চার জয়ে বসুন্ধরা কিংস যেন দ্রুতই এগিয়ে যাচ্ছে। চার খেলায় ১২ পয়েন্ট নিয়ে টেবিলে এগিয়ে কিংস। শেখ জামালের অবস্থা খুব খারাপ। টেবিলে শেখ জামালের অবস্থান অষ্টম। চার খেলায় জয় আছে মাত্র একটা। তিন খেলায় সাত পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে আছে মোহামেডান। তৃতীয় স্থানে থাকা পুলিশের বিপক্ষে আজ মোহামেডানের লড়াই। ময়মনসিংহে এই ম্যাচে আজ যদি মোহামেডান জয় পায় তাহলে তারা ভালো অবস্থানে থাকবে। কারণ পুলিশের পয়েন্ট তিন খেলায় ছয়। মোহামেডানের চেয়ে এক পয়েন্ট নিচে। পেশাদার লিগের প্রথম তিন বারের চ্যাম্পিয়ন আবাহনী। ছয় নম্বরে আছে আবাহনী। জয় একটা। চার পয়েন্ট মাত্র। লিগ শিরোপা পাওয়ার সুযোগ কম আবাহনীর। ড্র ও হার, আবাহনী প্রথম দুই ম্যাচে সাত পয়েন্ট হারিয়ে পিছিয়ে যায়।

পালটাপালটি গোলে রহমতগঞ্জ-ফর্টিস ড্র: রাজশাহীতে অনুষ্ঠিত প্রিমিয়ার লিগে ফর্টিস রহমতগঞ্জ ২-২ গোলে ড্র হয়েছে। এই ম্যাচে লড়াই হয়েছে। রহমতগঞ্জে গোল করেছে, ফর্টিস শোধ করেছে। দ্বিতীয়ার্ধে রহমতগঞ্জ গোল করে এগিয়ে গেছে আবার সেই গোল শোধ করেছে ফর্টিস এফসি। রহমতগঞ্জের গাম্বিয়ান দাওদা, ঘানাইয়ান আর্নেস্ট বোয়াটেং এবং ফর্টিসের উজবেক ফুটবলার জেসুর জুমায়েভ এবং গাম্বিয়ান অধিনায়ক পা ওমর বাবু গোল করেন।