তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মাদারীপুরের শিবচরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে আহত যুবকের চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে। এ ঘটনায় মামলা হয়েছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়ন করা হয়েছে। শনিবার (২০ জানুয়ারি) দুপুরে শাকিলের মৃত্যু। এদিকে ১৪ জানুয়ারি রোববার সন্ধায় তার ওপর হামলা করা হয়।
জানা যায়, উপজেলার কাদিরপুর ইউনিয়নের অখিলউদ্দিন মুন্সির কান্দি গ্রামের বাশার মৃধার দোকানে স্থানীয় কৃষকদের অনেকেই ক্ষেতের বিভিন্ন সবজি বিক্রি করার জন্য রাখত। বাশার মৃধা সেই সবজি ক্রেতাদের কাছে বিক্রির পর বাশার মৃধা ও কৃষক সবজি বিক্রির টাকা নিজেরা ভাগাভাগি করে নিত। গত ১৪ জানুয়ারি রোববার সন্ধায় টমেটো বিক্রি নিয়ে স্থানীয় ফারুক মুন্সির সঙ্গে বাশার মৃধার কথা কাটাকাটি হয়। একপর্যায়ে বাশার মৃধার ছেলে রাকিব মৃধা লোহার পাইপ দিয়ে ফারুক মুন্সির ঘাড়ে আঘাত করলে ফারুক মুন্সি গুরুতর আহত হয়। এ সময় ফারুক মুন্সির দূর সম্পর্কের ভাতিজা শাকিল মুন্সিসহ (১৮) কয়েকজনের সঙ্গে বাশার মৃধার ছেলে রাকিবের ঝগড়া হয়। এ সময় উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষের সময় রাকিব মৃধা ধারালো ছুড়ি দিয়ে শাকিলের বুকসহ কয়েক স্থানে আঘাত করে বলে অভিযোগে জানা যায়।
সংঘর্ষে আফজাল মুন্সি, তোহা মুন্সি, বাশার মৃধা, শাহআলম শেখসহ উভয় পক্ষের অন্তত ৮ জন আহত হয়। স্থানীয়রা গুরুতর আহতাবস্থায় আহতদের উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য শাকিল ও আফজাল মুন্সিকে ঢাকা মেডিকেলে পাঠানো হয়। ঢাকা মেডিকেল থেকে পরদিন ১৫ জানুয়ারি সোমবার শাকিলের পরিবার শাকিলকে ঢাকার পান্থপথ এলাকার প্লাটিনাম হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন থাকা অবস্থায় শনিবার (২০ জানুয়ারি) দুপুরে শাকিলের মৃত্যু হয়।
সংঘর্ষের পরে উভয় পক্ষ শিবচর থানায় মামলা দায়ের করে। শাকিলের মৃত্যুর খবর জানার পর অপ্রীতিকর ঘটনা এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়ন করা হয়েছে।