মানিকগঞ্জের পাটুরিয়ায় পদ্মা নদীতে ফেরি ডুবির ঘটনায় পঞ্চম দিনে আরও একটি ট্রাক উদ্ধার করেছে উদ্ধারকারী জাহাজ হামজা। রোববার (২১ জানুয়ারি) দুপুরে ট্রাকটি উদ্ধার করা হয় বলে জানিয়েছেন মানিকগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মো. আব্দুল হামিদ মিয়া।
বিআইডব্লিউটিসির আরিচা অঞ্চলের উপ-মহাব্যবস্থাপক শাহ মোহাম্মদ খালেদ নেওয়াজ বলেন, আজ একটিসহ মোট চারটি যানবাহন উদ্ধার করা হয়েছে। আশা রাখছি, প্রত্যয় আজ ডুবে যাওয়া ফেরিটি দৃশ্যমান করবে। ডুবন্ত ফেরিটি ৪০-৫০ ফুট পানির নীচে।
বুধবার (১৭ জানুয়ারি) সকাল ৮টার দিকে নয়টি যানবাহন নিয়ে পাটুরিয়া ঘাটের অদূরে ডুবে যায় রজনীগন্ধা-৭ নামে ফেরিটি।
এদিকে, ফেরি ডুবির দিন উদ্ধারকারী জাহাজ হামজা এসে একটি কভার্ডভ্যান ও একটি ট্রাক উদ্ধার করে। পরের দিন আরেক উদ্ধারকারী জাহাজ রুস্তম এসে উদ্ধার করে তুলা নিয়ে ডুবে যাওয়া এক ট্রাক।