নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে পরিবহনে চাঁদাবাজির অভিযোগে দায়ের করা মামলায় শ্রমিকলীগ, স্বেচ্ছাসেবকলীগ ও জাসদের চার নেতাকে গ্রেফতার করেছে র্যাব। মঙ্গলবার বিকাল সাড়ে ৫টায় সিদ্ধিরগঞ্জের শিমরাইল এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
মঙ্গলবার সন্ধ্যায় র্যাব-১১ সহকারী পরিচালক অতিরিক্ত পুলিশ সুপার মো. আলেপ উদ্দিন তথ্যটি নিশ্চিত করেছেন। গ্রেফতার করা হয়েছে, সিদ্ধিরগঞ্জ আদমজী আঞ্চলিক শ্রমিক লীগের সভাপতি আব্দুস সামাদ বেপারী, জাসদের (ইনু) সিদ্ধিরগঞ্জ থানা সভাপতি এসএম মাসুদ রানা, থানা স্বেচ্ছাসেবকলীগ নেতা ইলিয়াস মোল্লা ও জহিরুল হককে।
আরও পড়ুন: প্রেমের ফাঁদ, ব্ল্যাকমেইল, বিয়ের প্রলোভনে ছাত্রীদের ধর্ষণ
ওই পুলিশ কর্মকর্তা জানান, তারা দীর্ঘদিন ধরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ও নারায়ণগঞ্জ-আদমজী-শিমরাইল সড়কের শিমরাইল মোড় এলাকায় বিভিন্ন পরিবহনে চাঁদাবাজি করে আসছিল। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা চাঁদাবাজির কথা স্বীকার করেছেন।
তিনি আরও জানান, র্যাব যেকোনো অপরাধীকেই বিচারের মুখোমুখি করার জন্য আইনের আওতায় নিয়ে আসবে। আমাদের কাছে আরও কিছু চাঁদাবাজের নাম আছে। আমরা শীঘ্রই তাদের আইনের আওতায় নিয়ে আসবো।
ইত্তেফাক/অনি