ভরুঙ্গামারীতে নছিমন-মোটরসাইকেল সংঘর্ষে বাবা ও ছেলে নিহত হয়েছেন। এছাড়া পৃথক স্থানে সড়ক দুর্ঘটনায় আরো চার জনের মৃত্যু হয়েছে। রবি ও শনিবার এসব দুর্ঘটনা ঘটে। আমাদের প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো খবর।
ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম): ভূরুঙ্গামারীতে ঘন কুয়াশায় কারণে নছিমন ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে বাবা-ছেলে নিহত হয়েছেন। রবিবার সকালে ভূরুঙ্গামারী-সোনাহাট স্থলবন্দর সড়কের পাটেশ্বরীর তালতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন কচাকাটা থানার সরকারটারী গ্রামের আব্দুল হামিদের ছেলে শহিদুল ইসলাম (৫০) ও তার ছেলে বিপ্লব (২০)। ভূরুঙ্গামারী থানার ওসি রুহুল আমিন দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
ভাঙ্গা (ফরিদপুর): ভাঙ্গায় পৃথক সড়ক দুর্ঘটনায় দুই জন নিহত হয়েছেন। নিহতরা হলেন বাসু শেখ (৭০) ও আব্দুল করিম শেখ (৬৫)। ভাঙ্গা হাইওয়ে থানার ওসি খাইরুল আনাম জানান, শনিবার রাতে ঢাকা-খুলনা মহাসড়কের মুনসুরাবাদ বাসস্ট্যান্ড এলাকায় ওয়েলকাম পরিবহনের ধাক্কায় পথচারী বাসু শেখ গুরুতর আহত হন। তাকে প্রথমে ভাঙ্গা হাসপাতাল ও পরে ফরিদপুর মেডিক্যালে নেওয়া হলে সেখানে চিকিত্সাধীন অবস্থায় রাতেই তার মৃত্যু হয়। অপরদিকে, গত শুক্রবার রাতে পৌরসভার খাড়াকান্দি এলাকায় বাস-লেগুনা সংঘর্ষে গুরুতর আহত করিম শেখ রবিবার ভোরে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় মারা যান।
বগুড়া: বগুড়া-রংপুর মহাসড়কের বগুড়ার দ্বিতীয় বাইপাসে শনিবার রাত সাড়ে ৯টার দিকে পিকআপ ভ্যানচাপায় এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। তিনি হলেন ছাত্রলীগ কর্মী বগুড়া সরকারি শাহ সুলতানা কলেজে ডিগ্রির দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী মেহেদী হাসান (২৪)। বগুড়া সদর থানার পরিদর্শক (তদন্ত) মো. শাহীনুজ্জামান জানান, ছাত্রলীগ কর্মী মেহেদী সাবগ্রাম এলাকা থেকে দ্বিতীয় বাইপাস সড়ক দিয়ে মাটিডালির দিকে যাচ্ছিলেন। মানিকচক এলাকায় পৌঁছলে পেছন দিকে থেকে দ্রুতগতির একটি পিকআপ ভ্যান মোটরসাইকেলকে ধাক্কা দিলে মেহেদী মহাসড়কে ছিটকে পড়েন। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে নেন। সেখানে কর্তব্যরত চিকিত্সক তাকে মৃত ঘোষণা করেন।
বিরামপুর (দিনাজপুর): বিরামপুর ফায়ার সার্ভিস মোড়ে ঘন কুয়াশার কারণে একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে চালক নিহত হয়েছেন। নিহত চালক রুবেল হোসেন (৪৪) দিনাজপুর সদরের বড়ইল মোল্লাপাড়া গ্রামের লতি মঙ্গুলুর ছেলে। শনিবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে ঘন কুয়াশার মধ্যে দিনাজপুর থেকে বগুড়াগামী ধানের তুষবাহী একটি ট্রাক বিরামপুর ফায়ার সার্ভিস মোড়ে একটি মোটরসাইকেলকে পাশ দিতে গিয়ে রাস্তার পাশে উলটে যায়। বিরামপুর ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ হিশিকান্ত রায় জানান, দুর্ঘটনাস্থল থেকে আহত চার জনকে উদ্ধার করে বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিত্সক ট্রাকচালককে মৃত ঘোষণা করেন। অপর আহতরা হাসপাতালে চিকিত্সা নিচ্ছেন। বিরামপুর থানার ওসি সুব্রত কুমার সরকার জানান, ট্রাক উলটে নিহত চালকের লাশ উদ্ধার করা হয়েছে।