ফিলিপাইনের রাজধানী ম্যানিলার উত্তরের একটি প্রদেশে কোল্ডপ্লে কনসার্ট দেখতে হেলিকপ্টার নিয়ে উড়ে গেছেন দেশটির প্রেসিডেন্ট ফার্দিনান্দ মার্কোস জুনিয়র। এতে সামাজিক মাধ্যমে তুমুল সমালোচনার মুখে পড়েছেন তিনি।
ফার্দিনান্দ মার্কোস জুনিয়র ও তার স্ত্রীকে শুক্রবার হেলিকপ্টার নিয়ে কনসার্ট দেখতে যান। সমালোচকরা এটিকে সরকারি সম্পদের অপব্যবহার বলে অভিহিত করেছেন।
মার্কোস জুনিয়রের অফিস জানিয়েছে, অপ্রত্যাশিত ট্রাফিক জটিলতার কারণে তিনি এটি ব্যবহার করেছেন।
মার্কোসের প্রেসিডেন্সিয়াল সিকিউরিটি গ্রুপের (পিএসজি) প্রধান ব্রিগেডিয়ার জেনারেল জেসুস নেলসন মোরালেস শনিবার প্রকাশিত এক বিবৃতিতে বলেছেন, ‘কনসার্টে ৪০ হাজার লোক আসায় বিশাল ট্র্যাফিক জ্যাম দেখা দিয়েছে। এতে নিরাপত্তা নিয়েও অনিশ্চয়তা দেখা দিয়েছে যা প্রেসিডেন্টের জন্য হুমকি স্বরুপ।’
ব্রিগেডিয়ার জেনারেল মোরালেস জনসাধারণের উদ্দেশে বলেছেন, ‘এই পদক্ষেপের জন্য ক্রমাগত বোঝাপড়া ও সমর্থন আমাদের দেশের নেতৃত্বের সুরক্ষা এবং মঙ্গল বজায় রাখার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।’