সীতাকুণ্ডের সাগর উপকূলে ৬০ কেজি জাটকা জব্দ

সীতাকুণ্ডে সাগর উপকূলে বিশেষ অভিযানে ৬০ কেজি জাটকা ইলিশ জব্দ ও ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার (২৩ জানুয়ারি) বিকাল ৫টায় সন্দ্বীপ চ্যানেলের কুমিরা ঘাটঘর উপকূলে এ জাটকা জব্দ করা হয়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. আলাউদ্দিনের নেতৃত্বে সাগরে জাটকা সংরক্ষণ আইন এবং মৎস্য সম্পদ ধ্বংসকারী বেহুন্দি জাল, চরঘেরা জাল, কারেন্ট জাল, বেড় জাল ও‌ অন্যান্য নিষিদ্ধ জাল অপসারণে বিশেষ একটি কম্বিং অপারেশন চালানো হয়।

এ অভিযানে সীতাকুণ্ড নৌ-পুলিশ, কুমিরার যৌথ উদ্যোগে কুমিরা ঘাট, সন্দ্বীপ চ্যানেলে অংশগ্রহণ করে।অভিযানের সময় ৬০ কেজি জাটকা ইলিশ জব্দ করাসহ জাটকা আহরণকারী শুকলাল দাশকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। জব্দকৃত জাটকা ইলিশ গুলো স্থানীয় এতিমখানায় বিতরণ করা হয়।

অভিযানকালে উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা মো. কামাল উদ্দিন চৌধুরী, কুমিরা নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. নাসির উদ্দিন।