সম্প্রতি বাংলাদেশ সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন মসজিদ থেকে এক মুসল্লির মোবাইল ফোন ও টাকা চুরির ঘটনা ঘটে। এ ঘটনায় মামলা দায়েরের পর শাহবাগ থানা পুলিশ সোমবার তিন পেশাদার চোরকে গ্রেফতার করেছে। তারা চুরির কথা স্বীকার করার পাশাপাশি জানিয়েছেন, নামাজের উদ্দেশ্যে নয়; চুরির উদ্দেশ্যে মসজিদে প্রবেশ করেন তারা। এরা হলেন—জামাল চৌধুরী, মুন্না শেখ ও দ্বীন ইসলাম।
শাহবাগ থানা পুলিশ জানায়, গত ১৬ জানুয়ারি বাংলাদেশ সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন মসজিদে নামাজ পড়া অবস্থায় এক আইনজীবীর দুটি মোবাইল ফোন ও নগদ টাকা চুরি হয়। ১৮ জানুয়ারি শাহবাগ থানায় একটি মামলা করেন তিনি। মামলাটি তদন্তকালে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে চোরদের শনাক্ত করে গ্রেফতার করা হয়। গতকাল মঙ্গলবার তাদের আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড চাওয়া হয়েছে। শাহবাগ থানার ওসি বলেন, তাদের রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করা হবে।