ফের গুচ্ছে না যাওয়ার সিন্ধান্ত ইবি শিক্ষকদের

দীর্ঘসূত্রিতা, আর্থিক অস্বচ্ছলতা প্রভৃতি বিষয়কে সামনে রেখে ফের গুচ্ছ পদ্ধতির ভর্তি পরীক্ষায় অংশ না নিয়ে নিজস্ব পদ্ধতির ভর্তি পরীক্ষায় ফেরার পক্ষে মত দিয়েছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষকরা। একইসঙ্গে বিশ্ববিদ্যালয় প্রশাসন গুচ্ছে গেলে ভর্তি কার্যক্রমে অংশ না নেয়ারও সিদ্ধান্ত নিয়েছেন তারা।

মঙ্গলবার (২৩ জানুয়ারি) বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। শিক্ষক সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক সূত্রে এ তথ্য জানা যায়।

জানা যায়, এদিন বেলা ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে অনুষ্ঠিত শিক্ষক সমিতির সভায় গুচ্ছের ওপর আলোচনা হয়। সভা থেকে গুচ্ছে না যাওয়া ও প্রশাসন গুচ্ছে গেলে ভর্তি কার্যক্রমে অংশ না নেওয়ার পক্ষে মত দেন অধিকাংশ শিক্ষক। এছাড়া বুধবার উপাচার্যকে চিঠির মাধ্যমে এসব সিদ্ধান্ত জানানো হবে বলে সিন্ধান্ত নেয়া হয়।

এবিষয়ে শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মামুনুর রহমান বলেন, সভায় সর্বসম্মতিক্রমে গুচ্ছ পদ্ধতির ভর্তি কার্যক্রমে অংশগ্রহণ না করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। আগামী ৩দিনের মধ্যে এককবাবে ভর্তি কার্যক্রম শুরু করার আহ্বান জানিয়েছেন শিক্ষকরা। 

নিজস্ব পদ্ধতিতে পরীক্ষা নেওয়ার কারণ জানতে চাইলে তিনি বলেন, দীর্ঘসূত্রিতা, আর্থিক অস্বচ্ছলতা, এমনকি গুচ্ছের মাধ্যমে পরীক্ষা নিতে নিতে প্রাইভেট বা অন্যান্য বিশ্ববিদ্যালয়ে এক সেমিস্টার কিংবা আরও বেশি সময় বিলম্ব হয়ে যায় এসব কথা মাথায় রেখে এ সিন্ধান্ত নেয়া হয়েছে।

পূর্বের ন্যায় রাষ্ট্রপতি বা ইউজিসির অভিপ্রায়ে গুচ্ছে ফেরার সিন্ধান্ত আসতে পারে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এখনো হাতে সময় আছে। সময় বলে দিবে কি সিদ্ধান্ত হবে। তবে গত ডিসেম্বর মাসে প্রধানমন্ত্রীর দপ্তর থেকে এক প্রজ্ঞাপন জারির মাধ্যমে বলা হয়েছিল যেসকল বিশ্ববিদ্যালয় গুচ্ছ পদ্ধতির আওতায় পরীক্ষা নিতে সম্মত আছে তারা চাইলে এতে অংশগ্রহণ করতে পারে। এখানে একটি ইঙ্গিত পাওয়া যায় যে যারা অনিচ্ছুক তারা চাইলে অংশগ্রহণ নাও করতে পারে। সুতরাং এটি সাংঘর্ষিক হবে না।

এবিষয়ে শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. আনোয়ার হোসেন বলেন, সভায় সর্বসম্মতিক্রমে গুচ্ছ পদ্ধতিতে ভর্তি না নেওয়ার বিষয়ে আমরা একমত হয়েছি।