দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে শক্তিশালী প্রার্থীকে হারিয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে জয় পেয়ে চমক দেখিয়েছেন মো. আবুল কালাম আজাদ। তিনি কুমিল্লা–৪ (দেবীদ্বার) আসনে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। একইসঙ্গে তিনি কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান। স্বতন্ত্র সংসদ সদস্য মো. আবুল কালাম আজাদের সঙ্গে কথা বলেছেন দৈনিক ইত্তেফাক ডিজিটালের রিপোর্টার নভেম অপু।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা–৪ (দেবীদ্বার) উপজেলায় মোট ভোটার আছে ৩ লাখ ৭৪ হাজার ৫২৬জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৯৪ হাজার ২৭৬ এবং নারী ভোটার সংখ্যা ১ লাখ ৮০ হাজার ২৫০জন। মোট ভোট কেন্দ্র ১১৪ টি। স্বতন্ত্র প্রার্থী মো. আবুল কালাম আজাদ ঈগল প্রতীকে পেয়েছেন ৯৬ হাজার ৮০৭ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নৌকার প্রার্থী রাজী মোহাম্মদ ফখরুল পেয়েছেন ৮১ হাজার ২৫৭ ভোট। ১৫ হাজার ৫৫০ ভোটে জয়ী হয়েছেন ঈগল প্রতীকের প্রার্থী মো. আবুল কালাম আজাদ। এ আসনে মোট ভোট পড়েছে ৪৯.০৯ শতাংশ।
ইত্তেফাক ডিজিটাল: প্রথমবারের মতো ভোট করে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। কী রকম পরিস্থিতি মোকাবিলা করতে হয়েছিল আপনাকে?
আবুল কালাম আজাদ: আমি আওয়ামী লীগেরই লোক। কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক। দ্বাদশ সংসদ নির্বাচনে আমাদের নেত্রী সবার জন্য উন্মুক্ত করে দিয়েছেন। এবারের নির্বাচন অবাধ সুষ্ঠ নির্বাচন হয়েছে। তবে আমার এলাকায় দেবীদ্বার উপজেলায় কিছু প্রতিকূলার পর মানুষ আমাকে ভালোবেসে ভোট দিয়ে সংসদ সদস্য নির্বাচিত করেছেন।
ইত্তেফাক ডিজিটাল: যার সঙ্গে নির্বাচন করে জিতেছেন অর্থাৎ আপনার প্রতিপক্ষের প্রতি আপনার কী আহ্বান থাকবে?
আবুল কালাম আজাদ: নির্বাচনকালীন তিনি(প্রতিদ্বন্দ্বী নৌকার প্রার্থী রাজী মোহাম্মদ ফখরুল) আমার প্রতিপক্ষ ছিলেন। এখন তিনি আর প্রতিপক্ষ না কারণ তিনিও আওয়ামী লীগের রাজনীতি করেন আমিও আওয়ামী লীগের রাজনীতি করি। তার প্রতি আহ্বান থাকবে আমরা মিলে-মিশে কাজ করতে চাই। এলাকার উন্নয়ন করতে চাই।
ইত্তেফাক ডিজিটাল: নির্বাচনী প্রচারের সময় অনেক প্রতিশ্রুতি দিয়েছেন। আগামী পাঁচ বছরে সেইসব প্রতিশ্রুতি রাখতে পারবেন?
আবুল কালাম আজাদ: আমার এলাকায় নির্বাচনী প্রচারের সময় যেসব প্রতিশ্রুতি দিয়েছি তা বাস্তবায়নের শতভাগ চেষ্টা করব। সবার সহযোগিতায় সফল হবো বলে আশা করি।
ইত্তেফাক ডিজিটাল: আপনার নির্বাচিত এলাকায় প্রধান সমস্যা মাদক ও চাঁদাবাজি। এসব বিষয়ে আপনার পদক্ষেপ কী থাকবে?
আবুল কালাম আজাদ: দেবীদ্বার উপজেলায় সন্ত্রাস, পরিবহন চাঁদাবাজ, মাদকমুক্ত করব। এরই মধ্যে দেবীদ্বারে সিএনজি অটোরিক্সায় চাঁদাবাজি বন্ধ করে দেয়া হয়েছে। সেই সঙ্গে এলাকায় অবৈধ বালু উত্তেলন বন্ধ করা হবে আমার প্রধান কাজ।
ইত্তেফাক ডিজিটাল: জাতীয় সংসদে আপনার ভূমিকা কী হবে? আবুল কালাম আজাদ: মানুষের ভোটে আমি সংসদ সদস্য নির্বাচিত হয়েছি। তাই তাদের আশা আকাঙ্ক্ষা, চাহিদা ও এলাকার উন্নয়নের জন্য সংসদে কথা বলব।
উল্লেখ্য, গত ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ হয়। নির্বাচন কমিশনে নিবন্ধিত ৪৪টি রাজনৈতিক দলের মধ্যে ২৮টি দল নির্বাচনে অংশ নেয়। নির্বাচন হয় ২৯৯ আসনে। ২৮টি রাজনৈতিক দল ও স্বতন্ত্র মিলে প্রার্থী ছিলেন ১৯৭১ জন। ২৯৯টি আসনের মধ্যে ২২২টি আসন পেয়েছে আওয়ামী লীগ। জাতীয় পার্টি পেয়েছে ১১টি আসন, স্বতন্ত্র প্রার্থীরা পেয়েছেন ৬২টি আসন, এছাড়া অন্যান্য দল থেকে পেয়েছেন ৩টি আসন।