শোবিজ থেকে ব্যবসায়ী তারকা

আন্তর্জাতিক শোবিজ অঙ্গনে অনেক তারকা নিজেদের গণ্ডির বাইরে ব্যবসার সঙ্গে জড়িত রয়েছেন। কেউ ক্যারিয়ার শেষে জড়ান ব্যবসার সঙ্গে আবার কেউ নিজেদের আকাশচুম্বি সফল ক্যারিয়ারের সময়েও জড়িয়েছেন বিভিন্ন ব্যবসার সঙ্গে। সেই চর্চা রয়েছে বাংলাদেশেও।

সম্প্রতি দেশের শীর্ষ তারকা শাকিব খান নাম লিখিয়েছেন কর্পোরেট ব্যবসায়। সেই সূত্র ধরেই এই লেখায় আজ পাঠকরা জানবেন দেশ-বিদেশের বিভিন্ন তারকাদের ব্যবসায়িক পরিচয় নিয়ে।

পার্লার ও বুটিক ব্যবসায় দেশের অনেক নায়িকা

পার্লার ব্যবসার সঙ্গে দেশের অনেক তারকা জড়িত। যাদের মধ্যে প্রায়ই শোনা যায় মৌসুমী, নিপুণ আক্তারের নাম। এবার নতুন করে এই ব্যবসায় যোগ দিয়েছেন অপু বিশ্বাস। এক সময়ের জনপ্রিয় অভিনেত্রী মৌসুমী অনেক আগে থেকেই ব্যবসার সঙ্গে জড়িত। রাজধানীর বসুন্ধরা সিটির কাপড়ের ব্যবসা বন্ধ করে বর্তমানে পুলিশ প­াজায় কাপড়ের ব্যবসা করছেন তিনি। এর বাইরে গুলশানে এই নায়িকার রেস্টুরেন্ট ব্যবসা রয়েছে। অন্যদিকে, প্রসাধনী ও লাইফস্টাইল  কেন্দ্রিক প্রতিষ্ঠান ‘টিউলিপ নেইলস অ্যান্ড স্পা’ রয়েছে নিপুণ আক্তারের। রাজধানীর অভিজাত এলাকা বনানীর কামাল আতাতুর্ক এভিনিউতে প্রতিষ্ঠানটি অবস্থিত। ২০১৬ সালে শুরু করা এ স্পা সেন্টারটি বনানী এলাকায় খুব পরিচিত। এদিকে, গত ৮ জানুয়ারি থেকে ঢাকার আফতাব নগর আবাসিক এলাকায় ‘সিগনেচার বাই এবি পার্লার অ্যান্ড বুটিক’ নামে একটি স্যালোঁ এবং ‘এবি ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্ট’ নামে একটি রেস্তোরাঁ খুলেছেন অপু বিশ্বাস।

স্পা ও সেলুনের ইন্ডিয়ান চেইন হাউস আয়োসিসে শিল্পা 

ফিটনেস ও স্টাইল নিয়ে নিজে যেমন সচেতন তেমনি সবাইকে সচেতন করার চেষ্টাও করে আসছেন বলিউড তারকা শিল্পা শেঠি। দীর্ঘদিন ধরে স্পা ও সেলুনের ইন্ডিয়ান চেইন হাউস আয়োসিসের ব্যবসার সঙ্গে জড়িত এই নায়িকা। শুধু তাই নয়, ইতিমধ্যে শুরু করেছেন নিজস্ব প্রযোজনা সংস্থা। 

সালমান খানের বিং হিউম্যান

নিজের উপার্জিত আয় থেকে মানুষের পাশে সবসময় দাঁড়ান বলিউডের ভাইজান সালমান খান। সেই চিন্তা থেকে ২০১২ সালে অসহায় মানুষের পাশে দাঁড়াতে পথচলা শুরু করে সালমান খানের চ্যারিটি সংস্থা ‘বিং হিউম্যান’। ২০১২ সালে ভারতের মুম্বাইতে শুরু করা ‘বিং হিউম্যান’ এ পর্যন্ত বিশ্বের ১৫টি দেশে ৫০০টিরও বেশি আউটলেটের মাধ্যমে তাদের ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করছে।

লেডি গাগার হাউস ল্যাবরেটরিজ

পপ তারকা হিসেবে পুরো বিশ্বে তুমুল জনপ্রিয় লেডি গাগা। তিনিও নিজেকে জড়ালেন ব্যবসাতে। ২০১৯ সালে যাত্রা শুরু করে মার্কিন পপ তারকা লেডি গাগার প্রসাধন কোম্পানি ‘হাউস ল্যাবরেটরিজ’। দুই বছরের মধ্যে পুরোদস্তুর ব্যবসায়ী হয়ে উঠেছেন তিনি। তার কোম্পানির আয় ১৩ কোটি ৯০ লাখ ডলার। ইনস্টাগ্রামে তার অনুসারীর সংখ্যা ৮০ লাখের বেশি।

রিয়ানার বিউটি পার্লার

আয়ের দিক দিয়ে বিশ্বে শীর্ষে থাকা তারকা রিয়ানা। ২০১৭ সালে মার্কিন সংগীত তারকা রিয়ানা বিউটি ব্র্যান্ড ‘ফেন্টি বিউটি’ চালু করেন। ব্যবসা শুরুর চার বছরের মধ্যে তারকা ব্যবসায়ী হিসেবেও সাফল্যের শীর্ষে উঠে যান। জামা, কাপড়, ব্যাগ, মেকআপসহ নানা পণ্যের সমাহার রয়েছে তার কোম্পানিতে।

ব্যবস্থাপনা পরিচালক হয়েছেন শাকিব খান

সম্প্রতি অভিনেতা শাকিব খান নিজস্ব ব্যবসায় মন দিয়েছেন। যোগ দিয়েছেন রিমার্ক ও হারল্যানের সঙ্গে। সম্প্রতি আনুষ্ঠানিকভাবে ব্যবসায়ের জগতে পা রাখলেন এই তারকা। এই আন্তর্জাতিক প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক হয়েছেন শাকিব খান। যেখানে বিশ্বমানের স্কিন কেয়ার, কসমেটিকস, টয়লেট্রিজ, হোম কেয়ার, পারফিউমসহ নানা পণ্য পাওয়া যাবে। ব্যবসায়িক পরিচয়টা শাকিব খানের জন্য নতুন নয়। ‘এসকে’ ফিল্মস নামে প্রযোজনা প্রতিষ্ঠান রয়েছে তার। যেখান থেকে বেশ কয়েকটি সিনেমাও মুক্তি পেয়েছে। তবে এবারই প্রথম নিজের গণ্ডির বাইরে পা রাখলেন তিনি।