পাবনায় মা-ছেলেকে শ্বাসরোধে হত্যার অভিযোগ

পাবনার চাটমোহরে মা ও তার ছেলেকে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ শুক্রবার সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার ফৈলজানা ইউনিয়নের দিঘুলিয়া গ্রামে তাদের লাশ উদ্ধার করে পুলিশ। ধারণা করা হচ্ছে, গতকাল বৃহস্পতিবার মধ্যরাতে তাদের হত্যার ঘটনা ঘটতে পারে।

নিহতদের পরিচয়- দিঘুলিয়া গ্রামের মালয়েশিয়া প্রবাসী আব্দুর রশিদের স্ত্রী লাবনী খাতুন (৩৫) ও তার ছেলে রিয়াদ হোসেন (৮)।

স্থানীয়দের বরাত দিয়ে ফৈলজানা ইউনিয়নের চেয়ারম্যান হাফিজুর রহমান বলেন, ‘আজ শুক্রবার সকালে মা ও ছেলের লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়া হয়। আমাদের জানামতে কারও সঙ্গে তাদের শত্রুতা ছিল না। কে বা কারা তাদের এভাবে হত্যা করেছে, সেটা পুলিশ তদন্ত করে বলতে পারবে।’

স্থানীয় মেম্বার মো. নান্নু বলেন, ‘ওই বাড়িতে ওই নারী, তার ছেলে ও শাশুড়ি বসবাস করতেন। এছাড়া মেয়ে রিয়া পাশের একটি হাফিজিয়া মাদরাসায় অধ্যয়নরত। ধারণা করছি, কেউ হয়তো টাকা-পয়সা চুরি বা ডাকাতি করতে গিয়ে এ ধরনের ঘটনা ঘটিয়েছে। ওই নারীর লাশ রান্নাঘরে ও ছেলেটির লাশ পাশের একট মেহেগনি গাছ থেকে উদ্ধার করা হয়।’

চাটমোহর থানার ওসি সেলিম রেজা বলেন, ‘খবর পেয়ে লাশ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। তদন্ত শেষে বিষয়টি জানানো সম্ভব হবে।’

পাবনার অতিরিক্ত পুলিশ সুপার মো. মাসুদ আলম বলেন, ‘মা-ছেলেকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। কারা, কেন ও কীভাবে হত্যা করেছে- এটা বের করতে আমাদের সময় লাগবে। এরই মধ্যে কিছু ক্লু আমরা পাচ্ছি। নিবিড় তদন্ত শুরু করেছি আমরা। আশা করছি, আমরা দ্রুত এ হত্যার রহস্য পুরোপুরি উন্মোচন করতে পারবো।’