মহাখালীতে ট্রেনের ধাক্কায় বৃদ্ধের মৃত্যু 

রাজধানীর মহাখালীতে ট্রেনের ধাক্কায় গোলাম ফারুক (৬৫) নামের এক বৃদ্ধ ব্যক্তির মৃত্যু হয়েছে। শুক্রবার (২৬ জানুয়ারি) দুপুরে মহাখালীর আমতলী এলাকার রেললাইনে এ দুর্ঘটনা ঘটে। 

বিমানবন্দর রেলস্টেশনের পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) সানুমং মারমা জানান, বেলা ১২টার দিকে ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলে মারা যান ওই ব্যক্তি। 

পুলিশ সূত্র জানায়, নিহত গোলাম ফারুকের বাবার নাম গোলাম দস্তগীর। তার বাড়ি ঢাকা জেলার সাভার চাকুলিয়া এলাকায়। 

ঢাকা রেলওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) সুনীল চন্দ্র সূত্রধর জানান, গোলাম ফারুক সকাল সাড়ে ১০টায় সাভারের বাসা থেকে ঢাকায় মেয়ের সঙ্গে দেখা করার জন্য বের হন। পথে ঘটনাস্থলে দুর্ঘটনায় মারা যান। কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহটি পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে।