নিয়ন্ত্রণ হারিয়ে মাছ বাজারে প্রাইভেট কার, নিহত ২ 

গাইবান্ধার গোবিন্দগঞ্জে নিয়ন্ত্রণ হারানো প্রাইভেট কার চাপায় ২ মাছ ব্যবসায়ী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও ৫ জন।

শুক্রবার (২৬ জানুয়ারি) সন্ধ্যা পৌনে ৭টার দিকে উপজেলার ধর্মপুর বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন উপজেলার রাখালবুরুজ ইউনিয়নের উত্তর ধর্মপুর গ্রামের নরেন দাসের ছেলে হরেন চন্দ্র দাস (৫৫) এবং একই গ্রামের মহেন্দ্র দাসের ছেলে প্রতাপ চন্দ্র দাস (৩৫)। তারা দুইজনেই ধর্মপুর বাজারের মাছ ব্যবসায়ী।

প্রত্যক্ষদর্শীরা জানান, গোবিন্দগঞ্জের দিকে যাওয়ার সময় একটি প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে মাছ বাজারে ঢুকে পড়ে কয়েকজন মাছ ব্যবসায়ী ও ক্রেতাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মাছ ব্যবসায়ী হরেন চন্দ্র দাস ও প্রতাপ চন্দ দাস মারা যান। এ সময় আহত হন আরও ৫ জন।

গোবিন্দগঞ্জ থানার ওসি শামসুল আলাম শাহ বলেন, আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে। প্রাইভেট কারটি আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। তবে প্রাইভেটকারের চালক বা কোনো যাত্রীকে আটক করা যায়নি।