পঞ্চগড়ে তাপমাত্রা ৫ দশমিক ৮ ডিগ্রী

মাঘের কনকনে শীতে জবুথবু পীরগঞ্জ ও আশপাশের জনজীবন 

মাঘের কনকনে শীতে স্থবির হয়ে পড়েছে  পীরগঞ্জ উপজেলাসহ ও পার্শ্ববর্তী জেলা-উপজেলার জনজীবন। শুক্রবার সকাল ৯টায় পঞ্চগড় জেলার তেুঁতুলিয়া আবহাওয়া অফিস জানায় সেখানকার তাপমাত্রা ছল ৫ দশমিক ৮ ডিগ্রী সেলসিয়াস এবং দক্ষিণে দিনাজপুরে তাপমাত্রা ৭ দশমিক ০১ ডিগ্রী সেলসিয়াস। 

উত্তর-পশ্চিমের শীতল বাতাসে মাঘের কনকনে শীত জেঁকে বসায় কাবু হয়ে পড়েছে জনজীবন।

সকাল-সন্ধ্যায় বাড়ীর উঠানে এমনকি পৌর শহরের বিভিন্ন রাস্তার পাশে খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণ করতে দেখা গেছে। প্রচণ্ড শীতে জনচলাচলও কমে গেছে। খুব প্রয়োজন ছাড়া কেউ বাইরে বেড় হচ্ছে না। এতে কমেছে রিক্সা ও ভ্যান চালকদের আয় রোজগার।

রশিদুল নামে এক ভ্যান চালক জানান, তিনি সারাদিনে আজ (শুক্রবার) মাত্র ১৬০ টাকা আয় করেছেন। তবে ভ্যান চালক পারভেজ সারাদিনে রোজগার করেছে ১৮০ টাকা। সব থেকে কষ্টে আছেন মজুর শ্রেণীর মানুষ। তাপমাত্রা বেশি কমে যাওয়ায় তারা ক্ষেত খামারে কাজ করতে পারছেন না।

গত ২দিন বিকেলে সূর্যের মুখ দেখা গেলেও রোদের উত্তাপ ছিল না। সন্ধ্যার পরপরই ঘন কুয়াশা ও হিমেল বাতাসে কনকনে শীত জেঁকে বসায় রাস্তা-ঘাট ফাকা হয়ে যাচ্ছে।