চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে শ্যামলী পরিবহন ও সিএনজি চালিত অটো রিকশার মুখোমুখি সংর্ঘষে ২ জন নিহত হয়েছেন। বুধবার ভোর সাড়ে ৫টায় পটিয়া উপজেলার কচুয়াই ইউনিয়নের জলুয়ারদিঘি এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- সাতকানিয়া উপজেলার শিলঘাটা এলাকার অমর বড়ুয়া ছেলে সিএনজি চালক উত্তম বড়ুয়া (৪৩) ও একই এলাকার বজেন্দ্র বড়ুয়ার ছেলে যাত্রী সংঘদাশ বড়ুয়া (৭০)।
পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, কক্সবাজারগামী একটি শ্যামলী পরিবহন ও চট্টগ্রামগামী সিএনজির মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে ১ যাত্রী নিহত এবং আহত অবস্থায় সিএনজি চালককে উদ্ধার করে চমেক হাসপাতালে নেয়ার পথে মারা যায়।
এ ব্যাপারে পটিয়া ফায়ার সার্ভিসের ইনচার্জ সৌমেন বড়ুয়া জানান, শ্যামলী পরিবহন ও সিএনজির মুখোমুখির সংঘর্ষের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থল থেকে হতাহতদের উদ্ধার করা হয়েছে। পটিয়া ক্রসিং পুলিশ ফাঁড়ির ইনচার্জ এবিএম মিজানুর রহমান জানান, দুর্ঘটনা কবলিত গাড়ি দুইটি আটক করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্ততি চলছে।
ইত্তেফাক/আরকেজি