টানা ৩ বার নৌকা হারেনি, হেরেছে ব্যক্তি জাফর উল্যাহ: নিক্সন চৌধুরী

ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য ও আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মজিবুর রহমান চৌধুরী নিক্সন বলেছেন, এতদিন নৌকায় যারা ভোট দিয়েছেন তাদের প্রতি আমার স্যালুট। টানা তিন বার এই আসনে নৌকা হারেনি, হেরেছে ব্যক্তি জাফর উল্যাহ।

শনিবার (২৭ জানুয়ারি) সন্ধ্যায় ভাঙ্গা উপজেলার হামিরদী বাসস্ট্যান্ড বালুর মাঠে নির্বাচনী পরবর্তী নেতা-কর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথি বক্তব্যে তিনি এ কথা বলেন।

নিক্সন চৌধুরী বলেন, আগামীতে এই আসনকে উন্নয়নের ধারা অব্যাহত রেখে মডেল আসন হিসেবে তৈরি করব। আপনারা দোয়া করেন আগামীতে আপনাদের এই নৌকার ভোট আমার দিকেই আসবে।

1

এ সময় তিনি উন্নয়নের ধারাকে ব্যাহত করতে যারা প্রতিবন্ধকতা সৃষ্টি করবেন জনগণকে সঙ্গে নিয়ে তাদেরকে প্রতিহত করার হুঁশিয়ারি ব্যক্ত করেন।

হামিরদী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান অ্যাডভোকেট হিরো উকিলের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান শাহাদাত হোসেন, জেলা পরিষদের সাবেক সদস্য ও হামিরদী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান দেলোয়ার মাতুব্বর, হামিরদী উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মিলন মাতুব্বর, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, মহিলা লীগের নেতা-কর্মীরা।