খেজুরের রস খেয়ে নিপা ভাইরাসে আক্রান্ত হয়ে যুবকের মৃত্যু

মানিকগঞ্জ সদর উপজেলায় খেজুরের রস খেয়ে নিপা ভাইরাসে আক্রান্ত হয়ে বাবুল মিয়া (৩৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

রোববার (২৮ জানুয়ারি) সন্ধ্যায় রাজধানীর এক‌টি হাসপাতালের চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মানিকগঞ্জ জেলা সিভিল সার্জন মোয়াজ্জেম আলী খান বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত বাবুল মিয়া সদর উপজেলার পুটাইল ইউনিয়নের মান্তা গ্রামের সাবেক ইউপি সদস্য মাইনুদ্দিনের ছেলে। তিনি পেশায় একজন কসমেটিকস ব্যবসায়ী।

সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, গত ১৬ জানুয়ারি মানিকগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে বাবুল মিয়া ভর্তি হন। পরদিন ১৭ জানুয়ারি নিপা ভাইরাসের লক্ষণ দেখা দেওয়ায় আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশ (আইসিডিডিআরবি) থেকে বিশেষজ্ঞ দল আসে এবং তার স্বাস্থ্য পরীক্ষা করে। পরে তাকে ধানমন্ডি পপুলার হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে পরীক্ষায় নিশ্চিত হওয়া যায়, তিনি নিপা ভাইরাসে আক্রান্ত। পরে চিকিৎসাধীন অবস্থায় ২৮ জানুয়ারি তার মৃত্যু হয়।