কথাশিল্পী ও সাংবাদিক রনি রেজার লেখা গণমাধ্যমবিষয়ক বই ‘সাংবাদিকতার মোহ ও দায়বদ্ধতা’ আসছে এবারের বইমেলায়। ঘাসফুল প্রকাশনী থেকে প্রকাশ হবে এটি। গণমাধ্যমের নানা দিক নিয়ে রচিত ২১টি প্রবন্ধ ঠাঁই পেয়েছে বইটিতে। প্রচ্ছদ করেছেন শামীম আরেফিন।
এ বিষয়ে রনি রেজা বলেন, ‘সাংবাদিকতা পেশা নিয়ে বেশ ধুম্রজাল রয়েছে। কারো কাছে এটি প্রচুর টাকা উপার্জনের মাধ্যম। কারো দৃষ্টিতে সাংবাদিকতা কোনো পেশাই নয়। আবার অনেকে মনে করেন, এদের নির্দিষ্ট কোনো বেতন-ভাতা নেই। এসব ধুম্রজাল সাংবাদিকতা পেশাটিকে বিতর্কিত করে। অনেকে না বুঝেই বা নিজের মতো বুঝেই এ পেশার প্রতি আকৃষ্ট হন। কিন্তু আমার চাওয়া, যিনি এ পেশায় আসবেন, জেনে-বুঝেই আসুক। এ থেকেই বইটি লেখা।’
‘সাংবাদিকতার মোহ ও দায়বদ্ধতা’ বইটি সাংবাদিকদের পেশাদারিত্বের ক্ষেত্রে খুবই কাজে আসবে বলে মনে করেন ঘাসফুলের প্রকাশক মাহাদী আনাম। তিনি বলেন, ‘যারা সাংবাদিকতায় আসতে চান, তাদের প্রত্যকের বইটি পড়া উচিত। আশা করছি, বইটিতে ব্যাপক সাড়া মিলবে।’
লেখকের প্রকাশিত অন্য বইগুলো হলো, ‘এলিয়েনের সঙ্গে আড্ডা’ (গল্পগ্রন্থ), ‘পাখিবন্ধু’ (শিশুতোষ গল্প), ‘মস্তিষ্কের তৃতীয় মুদ্রণ’ (গল্পগ্রন্থ) ও ‘খালুইভর্তি হাহাকার (গল্পগ্রন্থ)’।
রনি রেজা দীর্ঘদিন ধরেই দৈনিক সমকাল, মানবকণ্ঠ, ভোরের কাগজ, যায়যায়দিন, দৈনিক সংবাদসহ বিভিন্ন পত্রপত্রিকায় নিয়মিত কলাম লিখছেন। গণমাধ্যমের নানা দিক নিয়ে রচিত কলামগুলোও বিভিন্ন পত্রিকায় প্রকাশ হয়েছে। কাজ করেছেন দৈনিক ভোরের পাতা, আরটিভি, যমুনা নিউজসহ বেশ কয়েকটি গণমাধ্যমে। বর্তমানে তিনি অনলাইন গণমাধ্যম ডেইলি বাংলাদেশ-এ কর্মরত।