জনসচেতনতা বাড়াতে রাজউকের মাইকিং ও লিফলেট বিতরণ

রাজধানীর পল্টন, রমনা মডেল, মতিঝিল এবং ওয়ারী থানাধীন এলাকায় নির্মাণকাজে নিরাপত্তা নিশ্চিত করে অনুমোদিত নকশা অনুযায়ী ইমারত নির্মাণ করতে জনসচেতনতামূলক মাইকিং প্রচারণা ও লিফলেট বিতরণ করছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ।

মঙ্গলবার (৩০ জানুয়ারি) রাজউক জোন-৬/১ অন্তর্ভুক্ত এলাকায় সকাল থেকে এমন জনসচেতনতামূলক মাইকিং প্রচারণার দৃশ্য দেখা গিয়েছে।

প্রচারণায় ইমারত বিধিমালার প্রতিপালন যোগ্য বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় উল্লেখ করে জনসচেতনতা তৈরি করতে মাইকিং করা হয়। এর মধ্যে রাজউক অনুমোদিত নকশার ব্যত্যয় করে ইমারত নির্মাণ থেকে বিরত থাকা, নির্মাণ কাজে সম্পৃক্ত সব শ্রমিক, প্রকৌশলী এবং পাশের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে সেফটি নেটসহ সাইট বেষ্টনি (ক্যানপি) তৈরি করা।

এছাড়াও যে সব ভবন মালিক প্রচারণায় উল্লেখ করা বিষয়গুলো অমান্য করবে তাদের বিরুদ্ধে ইমারত নির্মাণ আইন, ১৯৫২ এর সংশ্লিষ্ট ধারানুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে সতর্ক করা হয়।

জনসচেতনতামূলক মাইকিং প্রচারণা ও লিফলেট বিতরণের বিষয়ে রাজউক জোন-৬/১ এর অথরাইজড অফিসার প্রকৌশলী জোটন দেবনাথ বলেন, রাজউক চেয়ারম্যান মহোদয়ের নির্দেশনা অনুযায়ী বাসযোগ্য নিরাপদ নগরী গড়তে ভবন মালিকদের সচেতনতা বৃদ্ধিতে এমন উদ্যোগ নেয়া হয়েছে।

তিনি আরো বলেন, ইমারত নির্মাণ বিধিমালা পরিপূর্ণ ভাবে বাস্তবায়নে ভবন মালিকদেরকে সচেতন করে তুলতে হবে। ভবন মালিকদের মাঝে সচেতনতা তৈরি হলে বৈধ ভাবে যেমন ইমারত নির্মাণের হার বাড়বে তেমনি করে ঝুঁকিপূর্ণ ভবন ও দূর্ঘটনার হার কমে আসবে।

মাইকিং এবং লিফলেট বিতরণের সচেতনতার বৃদ্ধিতে উপস্থিত ছিলেন সহকারী অথরাইজড অফিসার মোঃ সাব্বিরুল ইসলাম, প্রধান ইমারত পরিদর্শক মঞ্জুর হোসেন, বাসু দেব ও বেলাল হোসেন, ইমারত পরিদর্শক মোঃ সাইফুল ইসলাম, মোঃ জিয়া উদ্দিন, মোঃ ফিরোজ আলম, সুমন আহমেদ, মো: ইমরান শেখ, মোঃ কামরুজ্জামান, নাজিম উদ্দিন, নাহিদুল ইসলামসহ রাজউকের অন্য কর্মকর্তারা।